• পরমহংস-চৈতন্য থেকে মাতঙ্গিনী-অরবিন্দ কক্ষ! সাম্রাজ্যবাদ মুছে লোকভবনে ‘রাষ্ট্রবাদী বাংলার’ চিত্র
    প্রতিদিন | ১৩ জুন ২০২৬
  • আধ্যাত্ম ও রাষ্ট্রবাদ! দুইয়ের মিশেলে ‘নতুন করে’ গড়ে উঠছে বাংলা। সেই ‘রাষ্ট্রবাদী’ বাংলার চিত্র ফুটে উঠল লোকভবনে। সাম্রাজ্যবাদের নাম মুছে পরমহংস থেকে মাতঙ্গীনী, মা সারদা-দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ, বিবেকানন্দ- অরবিন্দ-সহ বাংলার মনীষী, স্বাধীনতা সংগ্রামী, সমাজসংস্কারক ও ঐতিহাসিক ব্যক্তিত্বদের নামে নামকরণ করা হল লোকভবনের বিভিন্ন অংশের।

    মাস সাতেক আগে রাজভবনের নাম বদলে হয় লোকভবন। তখন এ রাজ্যের রাজ‌্যপাল ছিলেন সি ভি আনন্দ বোস। আর এবার লোক ভবনের বিভিন্ন কক্ষ, হল, প্রবেশদ্বারের নতুন নামকরণ করার সিদ্ধান্ত হয়েছে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি লোক ভবন (রাজভবন)-এর বিভিন্ন কক্ষ, হল, প্রবেশদ্বার, উদ্যান, রাস্তা ও অন্যান্য স্থানের নতুন নামকরণে অনুমোদন দিয়েছেন। সম্প্রতি এবিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয় এবং ১২ জুন একটি সংশোধনী প্রকাশ করা হয়েছে।

    শুক্রবার জারি হওয়া সংশোধনী বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, লোকভবনের দক্ষিণ-পশ্চিম গেটের ‘ডা. বিধান রায় দ্বার’ নামটি সংশোধন করে ‘ডা. বিধানচন্দ্র রায় দ্বার’ করা হয়েছে।
    তাছাড়া লোকভবনের সেকেন্ড ক্লাস স্যুইটের নাম শ্রীঅরবিন্দ কক্ষ, মার্বেল হল (উত্তর)→ পরমহংস কক্ষ, মার্বেল হল (মধ্য) → বিবেকানন্দ কক্ষ, মার্বেল হল (দক্ষিণ) → মা সারদা কক্ষ, প্রিন্স অব ওয়েলস স্যুইট → গুরুদেব কক্ষ, থ্রোন রুম → বন্দেমাতরম সভাঘর, ইয়েলো ড্রয়িং রুম → ভাগীরথী কক্ষ, ব্লু ড্রয়িং রুম → মহানন্দা কক্ষ, ব্রাউন ডাইনিং হল → গঙ্গা সভাঘর, কাউন্সিল চেম্বার → সংবিধান কক্ষ, ডাফরিন স্যুইট → হরিচাঁদ ঠাকুর কক্ষ, অ্যান্ডারসন স্যুইট → চৈতন্য কক্ষ, ওয়েলেসলি স্যুইট → মাতঙ্গিনী কক্ষ, বলরুমের সেন্ট্রাল হল → চিত্তরঞ্জন দাশ হল, সাউথ হল → জগদীশচন্দ্র বসু হল, নর্থ হল → তেনজিং নোরগে হল হয়েছে।

    এ ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ নাম পরিবর্তনের তালিকায় রয়েছে, গ্র্যান্ড স্টেয়ার্স ও নর্থ পোর্টিকো → নেতাজি সুভাষ প্রাঙ্গণ, রাজ‌্যপালের সচিবালয় → কর্মকক্ষ, রাজ‌্যপালের হাউসহোল্ড সচিবালয় → সেবাকক্ষ, লাইব্রেরি → বিদ্যাসাগর গ্রন্থাগার, রাজ‌্যপালের অফিস → শ্যামাপ্রসাদ মুখার্জি কক্ষ, রাজ‌্যপালের বাসভবন → শান্তিনিকেতন, এছাড়া উদ্যানগুলির নতুন নাম উত্তর-পূর্ব লন → শহিদ উদ্যান, উত্তর-পশ্চিম লন → একতা উদ্যান, দক্ষিণ-পূর্ব লন → সুন্দরবন উদ্যান, দক্ষিণ-পশ্চিম লন → অমৃত উদ্যান, পূর্ব লন → শান্তিবন, প্রবেশদ্বারগুলির নতুন নাম হয়েছে, নর্থ গেট → কবিগুরু দ্বার, সাউথ গেট → ঋষি বঙ্কিম দ্বার, সাউথ-ওয়েস্ট গেট → ডা. বিধানচন্দ্র রায় দ্বার, সাউথ-ইস্ট গেট → সিধু-কানু দ্বার, নর্থ-ওয়েস্ট গেট → ক্ষুদিরাম বসু দ্বার, নর্থ-ইস্ট গেট → রাজা রামমোহন রায় দ্বার, রাস্তা ও জলাশয়ের নতুন নাম সাউথ ড্রাইভওয়ে → কর্তব্যপথ, নর্থ ড্রাইভওয়ে → শক্তিপথ, সাউথ-ইস্ট পন্ড এলাকা → পদ্ম সরোবর, সাউথ-ওয়েস্ট পন্ড এলাকা → অমৃত সরোবর।

    রাজ্যপালের নির্দেশে জারি হওয়া এই নাম পরিবর্তনগুলি কার্যকর করতে বলা হয়েছে। রাজ‌্যপালের সচিব ড. সৌমিত্র মোহন এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। সংশ্লিষ্ট দপ্তরগুলিকে নতুন নাম অনুযায়ী ফলক ও সাইনবোর্ড স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)