• হাসিখুশি আর আড্ডা নিমেষেই শেষ, চোখের সামনেই জলের তোড়ে ভেসে গেল দুই বন্ধু
    News18 বাংলা | ১৩ জুন ২০২৬
  • হাসিখুশি, আড্ডা আর বন্ধুত্বের মুহূর্ত নিমেষেই পরিণত হল চরম বিপদে। ভাগীরথী নদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে গেল শান্তিপুরের দুই যুবক। নিখোঁজ দুই যুবকের নাম বাপি মন্ডল এবং আকাশ শেখ। এই ঘটনায় অক্ষত অবস্থায় ফিরে এলেও, চোখের সামনে বন্ধুদের তলিয়ে যেতে দেখে কার্যত বাকরুদ্ধ ও মানসিকভাবে ভেঙে পড়েছেন রাজ্জাক শেখ।

    শনিবার দুপুরে শান্তিপুর শহর এলাকার সাত ভাই পাড়া ও মানিকনগরের বাসিন্দা ওই তিন বন্ধু ভাগীরথী নদীর ঘাটে যান স্নান করতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহত বাপি এবং আকাশের সাঁতার কাটার অভ্যাস খুব একটা ছিল না। সাধারণত পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যে কাজ করেন তারা। ঘরে ফেরার ছুটিতে বন্ধুদের সঙ্গে কিছুটা সময় কাটানোর উদ্দেশ্যেই নদীতে গিয়েছিলেন তারা। কিন্তু ঘাটের কাছাকাছি কোনও একটি গভীর বা বিপজ্জনক স্থানে নেমে পড়ার ফলেই বিপত্তি ঘটে। স্রোতের টানে গভীর জলে তলিয়ে যান বাপি এবং আকাশ।

    কপালজোরে বেঁচে ফিরেছেন রাজ্জাক শেখ। কিন্তু চোখের সামনে দুই বন্ধুকে তলিয়ে যেতে দেখার ট্রমা তিনি কাটিয়ে উঠতে পারছেন না। ঘটনার পর থেকেই তিনি নির্বাক এবং অসুস্থ। স্থানীয়দের দাবি, রাজ্জাক এতটাই ভেঙে পড়েছেন যে ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ দেওয়ার মতো শারীরিক বা মানসিক অবস্থাতেও তিনি নেই। ঘটনার সঙ্গে সঙ্গেই স্থানীয় মাঝি-মাল্লারা তাঁদের উদ্ধারের জন্য প্রাণপণ চেষ্টা চালান। নদীতে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও তাদের কোনও সন্ধান মেলেনি। পরিস্থিতি বেগতিক বুঝে তড়িঘড়ি খবর দেওয়া হয় শান্তিপুর থানায়।

    খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। এরপর উদ্ধারকার্যে যোগ দেয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। শেষ খবর পাওয়া পর্যন্ত, বিপর্যয় মোকাবিলা বাহিনীর ডুবুরি দল নদীতে তল্লাশি অভিযান চালাচ্ছে। তবে প্রবল স্রোত ও গভীরতার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় সাত ভাই পাড়া ও মানিকনগর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বন্ধুদের নিখোঁজের খবরে কান্নার রোল পড়েছে পরিবারগুলিতে। এখন শুধু বাপি ও আকাশের ফেরার প্রতীক্ষায় প্রহর গুনছে গোটা এলাকা।
  • Link to this news (News18 বাংলা)