• যে কোনও সমস্যার সরকারি সমাধানে এ বার খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল, জেনে নিন কী করতে হবে...
    এই সময় | ১৩ জুন ২০২৬
  • আগেই চালু হয়েছে ‘আপনার সরকার আপনার পাশে’ হেল্পলাইন নম্বর। এ বার চালু হলো পোর্টালও। মুখ্যমন্ত্রীর দপ্তর বা CMO-র যে ওয়েবসাইট, সেখানে গিয়েই ‘আপনার সরকার আপনার পাশে’ অপশন পাবেন। সেখানে হেল্পডেস্ক নম্বর, ইমেল আইডি যেমন দেওয়া রয়েছে, একই সঙ্গে রয়েছে 'Raise Grievance'-এর মতো নাগরিক পরিষেবার অপশন। অন্নপূর্ণা যোজনা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা-সহ অন্যান্য যে কোনও সমস্যার অভিযোগ জানানো যাবে মুখ্যমন্ত্রীর কাছে।

    'Raise Grievance'-এ ঢোকার জন্য আপনার ফোন নম্বর দিতে হবে। এর পরেই আসবে ওটিপি। ক্যাপচা (Captcha) ভেরিফিকেশনের পরেই অভিযোগ জানানোর জন্য একটি অপশন পেজ খুলবে। নাম, ঠিকানা, জেলা, মহকুমা, থানা, বিধানসভা কেন্দ্র, পোস্ট অফিসের বিস্তারিত দিতে হবে।

    একই সঙ্গে আবেদনকারীর বয়স, ইমেল আইডি, যোগাযোগের বিকল্প নম্বরও দিতে হবে। অভিযোগ জানানোর আলাদা বক্স থাকবে। দিতে পারবেন নথিও। বিস্তারিত পূরণ করে ‘জমা দিন’ অপশনে ক্লিক করবেন।

    মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন ২০২৩ সালে শুরু করেছিলেন ‘মুখ্যমন্ত্রীকে বলুন’ কর্মসূচি। ছিল হেল্পলাইন নম্বরও। তবে তা নিয়ে অনেক অভিযোগও ছিল। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমেই জানিয়েছিলেন, তাঁদের সরকার, মানুষের সরকার। পরিষেবাতে যেমন তার প্রতিফলন থাকবে, নামেও থাকবে তার প্রতিফলন। তাই ‘আপনার সরকার আপনার পাশে’ নাম রাখা হয়েছে।

    চলতি মাসের শুরুতেই নবান্ন সভাঘর থেকে হেল্পলাইন নম্বর চালু করে সরকার। সরকারি পরিষেবা পেতে কোনও বাধা বা সমস্যা হলে সরাসরি ফোন করতে 8282082820 নম্বর চালু করা হয়। দেওয়া হয় asap@wb.gov.in ইমেল আইডিও। এ বার চালু হলো পোর্টাল অপশনও।

  • Link to this news (এই সময়)