Big Breaking: তৃণমূল ছাড়লেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানস ভুঁইয়া। তৃণমূল সূত্রে খবর, শনিবার তিনি পদত্যাগপত্র পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। দলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার কথাই দলনেত্রীকে জানিয়েছেন তিনি।
এ ব্যাপারে এই সময় অনলাইনের তরফে মানসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তাঁর ফোন বন্ধ। সবংয়ের তৃণমূলের নেতা তথা মানসের সর্বক্ষণের সঙ্গী আবু কালাম বক্স বললেন, ‘মানস ভুঁইয়ার দল ছাড়ার কথা আমি জানতে পেরেছি। আমার সঙ্গে এই বিষয়ে কথা হয়নি। আমি ওঁর দল ছাড়ার বিষয়ে কিছু জানি না।’
এ বারের বিধানসভা ভোটে হেরেছেন মানস। পরে এই হারের জন্য নিজেকেই দায়ী করেছিলেন তিনি। বলেছিলেন, ‘আমি ক্যাপ্টেন। আমি দায়ী। আমি এই হার, জনগণের রায় মাথা পেতে নিলাম। কোথায় কোনও ত্রুটি-বিচ্যুতি হয়েছে কি না, তা দেখছি।’ একই সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সম্পর্কে প্রশংসাসূচক কথাও শোনা গিয়েছিল তাঁর মুখে। মানস বলেছিলেন, ‘উনিও মেদিনীপুরের ছেলে, আমিও মেদিনীপুরের ছেলে। আমি গর্ববোধ করি, একজন মেদিনীপুরের ছেলে মুখ্যমন্ত্রী হয়েছেন। ওঁরা যে প্রকল্প ঘোষণা করেছেন, সেগুলো বাস্তবায়িত হোক। সবং জুড়ে যে সন্ত্রাস চলছে, সেই বিষয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই।’ তার পরে এ বার তৃণমূলত্যাগী হলেন প্রাক্তন মন্ত্রী।
মানস যাঁর কাছে ভোটে হেরেছেন, সবংয়ের সেই বিজেপি বিধায়ক অমল পণ্ডা বলেন, ‘ মানসবাবুর এই সময়ে তৃণমূল ছাড়া উচিত হয়নি। উনি তো তৃণমূলের অন্ধভক্ত ছিলেন। দলের এই দুঃসময়ে দল ছেড়ে যাওয়া উচিত হয়নি।’