• উচ্চ মাধ্যমিকের পরই মিলবে মাসে মাসে টাকা!
    আজকাল | ১৪ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্কঃ বাম আমল থেকেই রাজ্যে চালু 'স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্‌স স্কলারশিপ'। আর্থিক ভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের স্বার্থেই চালু করা হয় এই বিশেষ বৃত্তি। বৃত্তি ব্যবস্থা চালু ছিল গত ১৫ বছরের তৃণমূল সরকারের শাসনকালেও। রাজ্যে প্রথমবার ক্ষমতায় এসে বিজেপি সরকারের আমলেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বৃত্তি নিয়ে আশার বাণী শুনিয়েছেন।

    মূলত, মেধাবী এবং অর্থনৈতিক ভাবে বঞ্চিত পড়ুয়ারা যাতে পড়াশোনা বিমুখ না হন, সে উদ্দেশ্যেই এই স্কলারশিপের ব্যবস্থা করা হয়। অন্যান্য প্রকল্পের মতোই এই বৃত্তির টাকাও সরাসরি পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যায়।

    যোগ্যতার মাপকাঠি

    কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট শ্রেণির উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর পড়ুয়াই এই বৃত্তির জন্য আবেদন করতে পারেন। পাশাপাশি উচ্চশিক্ষায় আগ্রহী বা গবেষণারত পড়ুয়াদেরও এই বৃত্তিলাভের সুযোগ রয়েছে। এ ছাড়া, পড়ুয়ারা যে স্তরের জন্য পঠনপাঠনের জন্য আবেদন করবেন, তার আগের স্তরে ৬০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। তবে, তাঁদের বছরে পারিবারিক আয় আড়াই লক্ষ টাকার কম হওয়া আবশ্যিক।

    বৃত্তির পরিমাণ

    কোন বিভাগে পড়ার জন্য বৃত্তির জন্য আবেদন করবেন, তার উপর নির্ভর করেই আর্থিক সাহায্য করা হবে। প্রতি মাসে ১,০০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত বৃত্তির অর্থ বরাদ্দ করা হবে।

    উচ্চ মাধ্যমিক বা ডিএলএড উত্তীর্ণরা বৃত্তি বাবদ পান মাসিক হাজার টাকা। পলিটেকনিক পড়ুয়াদের প্রতি মাসে ১৫০০ টাকা দেওয়া হয়।

    বিজ্ঞান বিভাগের স্নাতক ও পেশাদারি কোর্সের পড়ুয়াদের মাসে বৃত্তি বাবদ ১৫০০ টাকা বা বার্ষিক ১৮ হাজার টাকা দেওয়া হয়।

    কলা ও বাণিজ্য বিভাগের স্নাতকের পড়ুয়াদের জন্য বৃত্তির পরিমাণ মাসে ১০০০ টাকা থেকে বার্ষিক ১২ হাজার টাকা।

    স্নাতকোত্তরের কলা এবং বাণিজ্য বিভাগের পড়ুয়াদের প্রতি মাসে ২০০০ টাকা বৃত্তি দেওয়া হবে।

    বিজ্ঞানের স্নাতকোত্তরের পড়ুয়াদের মাসিক বৃত্তি ২৫০০ টাকা।

    এ ছাড়াও আইআইটি-র ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল, নার্সিং, ফার্মেসি, বিএড এবং পিএইচডি পড়ুয়ারাও এই প্রকল্পের আওতাভুক্ত। এর মধ্যে মেডিক্যাল পড়ুয়াদের মাসিক ৫০০০ টাকা বৃত্তি দেওয়া হয়।

    কোন নথি জমা দিতে হবে?

    মাধ্যমিক বা সমতুল পরীক্ষার মার্কশিট, পূর্ববর্তী পরীক্ষার মার্কশিট, কোন প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছেন সে সংক্রান্ত নথি, পারিবারিক আয়ের নথি, বসবাসস্থলের নথিপত্র, আধার কার্ড অথবা ভোটার কার্ড, ব্যাঙ্ক পাসবুকের নথি, আবেদনকারীর পাসপোর্ট মাপের ছবি, নিজস্ব স্বাক্ষর, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, মোবাইল নম্বর ও ইমেল আইডিও জমা দিতে হবে।

    আবেদন করবেন কী ভাবে?

    প্রথমে https://svmcm.wb.gov.in/ -এ ওয়েবসাইটে গিয়ে 'হোমপেজ' থেকে রেজিস্টার করতে হবে। রেজিস্ট্রেশনের পর লগ-ইন করতে হবে। তার পর প্রয়োজনীয় তথ্য পূরণ করে নথি জমা দিতে হবে। আবেদনের জন্য কোনও ফি জমা দিতে হবে না। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি ওয়েবসাইট থেকেই জানা যাবে।

     
  • Link to this news (আজকাল)