• শুভেন্দুর প্রশাসনই ভরসা সিপিএম প্রার্থীর!
    আজকাল | ১৪ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: মেয়ের খুনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবিতে আবারও কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপারের দ্বারস্থ হলেন তামান্নার মা সাবিনা ইয়াসমিন। দীর্ঘদিন পেরিয়ে গেলেও মেয়ের মৃত্যুর ঘটনায় জড়িত সকল অভিযুক্তের গ্রেপ্তার ও বিচার না হওয়ায় এখনও ন্যায়বিচারের আশায় দিন গুনছেন তিনি।‌ 

    শনিবার কৃষ্ণনগর পুলিশ জেলার নবনিযুক্ত পুলিশ সুপার অতুল ভি এর সঙ্গে দেখা করেন সাবিনা ইয়াসমিন। সেখানে তিনি মেয়ের মৃত্যুর ঘটনায় তদন্তের অগ্রগতি নিয়ে আলোচনা করেন এবং বাকি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। তামান্নার মায়ের অভিযোগ, ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই ১১ জনকে গ্রেপ্তার করেছে। 

    তবে এখনও বেশ কয়েকজন অভিযুক্ত অধরা রয়েছে। ফলে তদন্ত সম্পূর্ণ হলেও প্রকৃত ন্যায়বিচার পাওয়া সম্ভব হবে না বলে মনে করছেন তিনি। তার দাবি, তদন্ত আরও দ্রুত এগিয়ে নিয়ে গিয়ে ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাতের পর সাবিনা ইয়াসমিন জানান, তিনি নতুন প্রশাসনের ওপর আস্থা রাখছেন।

    তার কথায়, আগের সরকার থাকলে আমার মেয়ের খুনের বিচার হতো না বলে মনে করি। এখন নতুন সরকারের কাছে আমার আশা আছে। আমি চাই আমার মেয়ের হত্যাকারীরা উপযুক্ত শাস্তি পাক এবং সত্য সামনে আসুক।  তিনি আরও জানান, আগামী সপ্তাহে ডিআইজি জেলায় আসবেন। 

    সেই সময়ও তিনি মেয়ের খুনের তদন্ত এবং বিচার প্রক্রিয়া নিয়ে আলোচনা করবেন। তদন্তের প্রতিটি ধাপ সম্পর্কে প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন বলেও জানান তিনি। মেয়ের মৃত্যুর পর থেকে একের পর এক প্রশাসনিক দপ্তরের দ্বারস্থ হয়েছেন সাবিনা ইয়াসমিন। এখনও পর্যন্ত তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন শুধুমাত্র ন্যায়বিচারের আশায়। তার একটাই দাবি  তামান্নার মৃত্যুর ঘটনায় জড়িত সকল দোষীর গ্রেপ্তার এবং দ্রুত বিচার নিশ্চিত করুক প্রশাসন।
  • Link to this news (আজকাল)