• 'যেই পরিস্থিতিতে কাজ করেছি, সেই পরিস্থিতি নেই...' দল ছেড়ে কী জানালেন মানস ভুঁইয়া?
    News18 বাংলা | ১৪ জুন ২০২৬
  • তিনি কাজের মানুষ। তিনি সংগ্রামের মানুষ। তাই কাজেই থাকতে চান তিনি। তবে তাঁর কথায়, ‘যেই পরিস্থিতিতে কাজ করেছি, সেই পরিস্থিতি নেই।’ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে দল ছেড়ে এমনটাই জানালেন সবং-এর পরাজিত তৃণমূল প্রার্থী মানসরঞ্জন ভুঁইয়া। পরবর্তীকালে কি বিজেপি বা অন্য কোনও দলে যাওয়ার কথা ভাবছেন? সে বিষয়ে কিছু জানাননি প্রাক্তন সেচমন্ত্রী।

    তিনি ছিলেন একসময়ের দাপুটে তৃণমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রী। কিন্তু, পালাবদলের হাওয়ায় গেরুয়া ঝড়ে কার্যত উড়ে গিয়েছেন সবংয়ের প্রাক্তন বিধায়ক মানস ভুঁইয়া। পাশাপাশি রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেও তিনি বলেছিলেন, “উনিও মেদিনীপুরের ছেলে, আমিও মেদিনীপুরের ছেলে। আমি গর্ববোধ করি, একজন মেদিনীপুরের ছেলে মুখ্যমন্ত্রী হয়েছেন। তাঁর প্রকল্প যেগুলো ঘোষণা করেছেন সেগুলো বাস্তবে রূপ দিক এবং সবং জুড়ে যে সন্ত্রাস চলছে সেই বিষয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই।” পদ্মশিবিরের ডবল সেঞ্চুরির সুনামিতে কার্যত ধুয়ে গিয়েছে বাংলার বেশ কয়েকজন মন্ত্রীর নাম। সেই তালিকায় ছিলেন প্রাক্তন সেচমন্ত্রী মানসও।

    তাসের ঘরের মতো ভাঙছে তৃণমূল। রাজ্যসভায় পরপর ইস্তফার জল্পনার মধ্যেই এবার লোকসভাতেও বড়সড় ধসের ইঙ্গিত। লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ২০ জন বেসুরো সাংসদ। সেই এক্সক্লুসিভ চিঠি হাতে এসেছে নিউজ18 বাংলার। সূত্রের দাবি, কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে লোকসভায় আলাদা ব্লক গঠনের দাবি জানিয়ে এই চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে সই করেছেন কাকলি ঘোষ দস্তিদার, সায়নী ঘোষ, শতাব্দী রায়, অরূপ চক্রবর্তী, দেব, জুন মালিয়া, কালীপদ সোরেন, পার্থ ভৌমিক, বাপি হালদার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, শর্মিলা সরকার, জগদীশ বসুনিয়া, অসিত মাল, রচনা বন্দ্যোপাধ্যায়, খলিলুর রহমান, আবু তাহের খান, ইউসুফ পাঠান, মিতালি বাগ এবং মালা রায়-সহ মোট ২০ জন সাংসদ।

    মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে বিদ্রোহী শিবিরে নাম লিখিয়েছেন তৃণমূলের অন্যতম পুরনো এবং প্রবীণ নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়৷ যে সুদীপ বন্দ্যোপাধ্যায় মমতার অন্যতম অনুগত নেতা হিসেবে পরিচিত ছিলেন, তিনিই আজ দিল্লিতে গিয়ে বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করেছেন৷ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন আর এক বিদ্রোহী সাংসদ শতাব্দী রায়৷
  • Link to this news (News18 বাংলা)