• পকেটে টাকা, স্ত্রীকে বাপের বাড়ি পৌঁছে ফেরার পথে নিখোঁজ যুবক! পরের দিন উদ্ধার দেহ
    News18 বাংলা | ১৪ জুন ২০২৬
  • অ্যাকাউন্ট থেকে তুলেছিলেন ১০ হাজার টাকা, তারপরই নিখোঁজ। ২৪ ঘণ্টার মধ্যে আমবাগান থেকে উদ্ধার যুবকের দেহ। মালদহের মোথাবাড়ি থানার কাহালা বাগানবাড়ি গ্রামে এক যুবকের রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। জানা গিয়েছে মৃতের নাম আজমাউল শেখ (২৪)। বাড়ি সংশ্লিষ্ট এলাকায়।

    পরিবারের দাবি, এটি স্বাভাবিক মৃত্যু নয়, পরিকল্পিত খুন। পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে আজমাউল তাঁর স্ত্রী রাফিকা খাতুনকে বাবার বাড়িতে পাঠানোর জন্য মোথাবাড়ি স্ট্যান্ড থেকে একটি টোটোতে তুলে দেন। এরপর থেকেই তিনি নিখোঁজ হয়ে যান। পরিবারের অভিযোগ, তিনি আর বাড়ি ফেরেননি। পরেরদিন সকাল থেকেই পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় তাঁর খোঁজাখুঁজি শুরু করলেও কোন‌ও সন্ধান পাননি।

    অবশেষে এদিন দুপুরে কয়েক জন রাখাল আজমাউলের বাড়ি থেকে প্রায় ১০০ মিটার দূরে একটি আমবাগানে তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখেন। ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মোথাবাড়ি থানার পুলিশ। ঘটনায় দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিশ।

    মৃতের স্ত্রী রাফিকা খাতুনের অভিযোগ, “আমার স্বামীকে খুন করা হয়েছে। আমাকে বাবার বাড়িতে পাঠানোর আগে তিনি নিজের অ্যাকাউন্ট থেকে ১০ হাজার টাকা তুলেছিলেন। রাতে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তাঁর সঙ্গে আর কথা হয়নি। পরদিন জানতে পারি, বাড়ির কাছেই একটি আমবাগানে তাঁর দেহ পড়ে রয়েছে। কেউ বা কারা স্বামীকে খুন করেছে। আমাদের চার বছরের একটি মেয়ে রয়েছে। স্বামী ভিনরাজ্যে কাজ করে সংসার চালাতেন। আজই তাঁর কাজে যাওয়ার কথা ছিল। কীভাবে সংসার চলবে কিছুই বুঝে উঠতে পারছিনা।”

    অন্য দিকে, মৃতের বোন সাইবা খাতুন এক‌ই অভিযোগ করে বলেন, “দাদাকে খুন করা হয়েছে। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে।” পরিবার জানিয়েছে, তারা থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। খুন নাকি অন্য কোনও কারণে মৃত্যু, তা খতিয়ে দেখতে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে মোথাবাড়ি থানার পুলিশ।
  • Link to this news (News18 বাংলা)