বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পরেই ডিএ বৃদ্ধি নিয়ে জল্পনা শুরু হয়েছিল। এরই মধ্যে নতুন করে বেতন বৃদ্ধি নিয়ে আলোচনার সময়সীমা বাড়াল কমিশন। তবে জুলাইতেই কি ডিএ বৃদ্ধি নিয়ে সুখবর পেতে পারেন সরকারি কর্মচারীরা? সেই জল্পনা জোরালো হতেই জুলাই মাসে ডিএ বৃদ্ধি হতে পারে বলে জানা গিয়েছে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অল ইন্ডিয়া সিপিআই-এর সূচক মেনেই আগামী দিনে ডিএ ঘোষণা হবে। সম্প্রতি অল ইন্ডিয়া সিপিআই-এর পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে আগামী জুলাই থেকে সরকারি কর্মীদের ডিএ আরও বৃদ্ধি হতে পারে।
এদিকে কর্মীদের একাংশের দাবি, যেভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, তাতে সংসার চালাতে গিয়ে অনেকেই সমস্যার মুখে পড়েন। এমন অবস্থায় ডিএ বাড়লে কর্মীদের হাতে অতিরিক্ত টাকা আসবে। আর তাতে আখেরে তাদের অনেকটাই লাভ হবে বলে তারা জানাচ্ছেন। তবে নবান্ন সূত্রের খবর, আগামী ২২ জুন যে রাজ্য বাজেট পেশ হবে তার উপরেই জুলাইয়ের বেতন কাঠামো অনেকটা নির্ভর করছে।
উল্লেখ্য, বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৬০ শতাংশ হারে ডিএ পেয়ে থাকেন। অন্যদিকে, রাজ্যের সরকারি কর্মীরা ১৮ থেকে ২২ শতাংশ হারে ডিএ পান। সেই দিক থেকে দেখতে গেলে রাজ্যের সরকারি কর্মীরা প্রায় ৪২ শতাংশ কম ডিএ পেয়ে থাকেন। সেক্ষেত্রে এবার ডিএ বৃদ্ধি হলে কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মীদের মধ্যে ডিএ-র পার্থক্য অনেকটাই মিটবে বলে অনেকে মনে করছেন।
তবে পশ্চিমবঙ্গ সরকারের তরফে ডিএ নিয়ে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করা হয়নি। কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির সম্ভাবনার মধ্যে রাজ্যের সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির সম্ভাবনা আরও জোরালো হচ্ছে।