অমিত শাহকে কুরুচিকর আক্রমণ! এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের
প্রতিদিন | ১৪ জুন ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কুরুচিকর আক্রমণ। এবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের শ্রীরামপুর থানায়। ভাস্কর ঘোষ নামে এক ব্যক্তি এই অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, দ্রুত তৃণমূল সাংসদকে গ্রেপ্তার করতে হবে।
অভিযোগকারী ভাস্কর ঘোষ বলেন, ”বঙ্গে ভোটপর্ব চলাকালীন অমিত শাহকে বেনজির আক্রমণ করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একবার নয়, একাধিকবার স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে তিনি কুরুচিকর মন্তব্য করেন।” অভিযোগে এই সংক্রান্ত বেশ কিছু নথি এবং ভিডিও ওই ব্যক্তি এদিন পুলিশের কাছে জমা দিয়েছেন বলে দাবি। ভাস্করবাবুর কথায়, যে ভাষায় অমিত শাহকে শ্রীরামপুরের সাংসদ আক্রমণ শানিয়েছেন, তা একেবারেই শাস্তিযোগ্য অপরাধ। ফলে তাঁকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। শুধু অমিত শাহকেই নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও একাধিকবার গালিগালাজ কল্যাণ বন্দ্যোপাধ্যায় করেন বলে অভিযোগ ভাস্করবাবুর।
তাঁর অভিযোগ, শুধু ২৬ এর ভোটেই নয়, ২১ এর ভোট পরবর্তী হিংসাতেও জড়িত শ্রীরামপুরের সাংসদ। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বলে রাখা প্রয়োজন, রাজ্যে ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই তৃণমূলে শুরু হয়েছে গৃহদাহ। একের পর এক সাংসদ বিধায়ক শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন। যা রীতিমতো অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব। এরমধ্যেই তোলাবাজি-সহ একাধিক অভিযোগে একের পর এক নেতা পুলিশের জালে।