• তৃণমূলের সংগঠনে বড়সড় বদল, বাদ সায়নী-সুদীপ, এলেন কুণাল-সৌগত
    এই সময় | ১৪ জুন ২০২৬
  • এক দিকে রোজই তৃণমূলে ভাঙন চওড়া হচ্ছে। অন্যদিকে বার বার বদলে যাচ্ছে তৃণমূলের সংগঠনের সদস্যের মুখ। তৃণমূলের সংগঠনে ফের বড়সড় রদবদল করা হলো। কয়েকদিন আগেই তৃণমূলের নতুন কমিটি তৈরি করা হয়েছিল। দলের একাধিক শাখা সংগঠনের নেতৃত্বে কে থাকবে, তারও তালিকা সামনে এসেছিল। সেখানে ফের কিছু রদবদল হলো। তৃণমূলের ওয়ার্কিং কমিটিতে আনা হয়েছে সৌগত রায় এবং জ্যোতিপ্রিয় মল্লিককে। অন্যদিকে রাজ্য তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূলের উত্তর কলকাতা সাংগঠনিক জেলার নেতৃত্বেও বদল আনা হলো।

    সদ্য হওয়া মিটিংয়ের পরে রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী পদে ছিলেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ। কিন্তু সূত্রের খবর, তিনি লোকসভার বিদ্রোহী সাংসদদের গোষ্ঠীতে যোগ দিয়েছেন। সই করেছেন ওই সাংসদদের দেওয়া চিঠিতে। তারপরেই সায়নীকে সরিয়ে রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পদে আনা হলো অর্ণব বন্দ্যোপাধ্যায়কে। ছোটপর্দার পরিচিত মুখ অর্ণবকে ৪মে বিধানসভার ফল বেরনোর পরেও খোলাখুলি তৃণমূলকে সমর্থন করে বক্তব্য রাখতে দেখা গিয়েছে বার বার।

    অন্যদিকে তৃণমূলের উত্তর কলকাতা সাংগঠনিক জেলার সভাপতি পদে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জায়গায় আনা হলো কুণাল ঘোষকে। তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও তৃণমূলের বিদ্রোহী শিবিরে যোগ দিয়েছেন। তিনি দিল্লিতে বিজেপির মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক করেছেন। তারপরেই তৃণমূলের উত্তর কলকাতা সাংগঠনিক জেলার সভাপতি পদে আনা হলো কুণাল ঘোষকে। এর আগে মালা রায় বিদ্রোহী শিবিরে নাম লিখিয়েছেন। তাঁকে রাজ্যের তৃণমূল মহিলা কংগ্রেসের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর জায়গায় আনা হয়েছে আলিফা আহমেদকে।

  • Link to this news (এই সময়)