• বান্ধবীর সঙ্গে বেড়াতে এসে মৃত্যু, কাসোলের হোমস্টে থেকে উদ্ধার রুশ তরুণী ডিজের দেহ
    এই সময় | ১৪ জুন ২০২৬
  • বান্ধবীর সঙ্গে ভারতে বেড়াতে এসেছিলেন। উঠেছিলেন একটি হোমস্টে-তে। সেখান থেকেই রহস্যজনক ভাবে উদ্ধার হলো রাশিয়ার তরুণী দারিয়া কুজনিখের (২৯) মৃতদেহ। শনিবার হিমাচল প্রদেশের কাসোলের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই রুশ দূতাবাসকেও বিষয়টি জানিয়েছে হিমাচল পুলিশ। গোটা ঘটনার তদন্ত চলছে।

    পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, দারিয়া মস্কোর বাসিন্দা। পেশায় ডিজে। সাই-ট্রান্স ও ডার্ক ইলেকট্রনিক মিউজিকের ভক্ত ছিলেন। তিনি কবে ভারতে এসেছিলেন তা জানা যায়নি। তবে চলতি মাসের শুরুতে কাসোলে যান। বান্ধবীর সঙ্গে থাকছিলেন একটি হোমস্টেতে। এ দিন বাথরুমে দারিয়াকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁর বান্ধবী।

    তৎক্ষণাৎ স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় দারিয়াকে। কিন্তু বাঁচানো সম্ভব হয়নি। সেখানেই তরুণীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। স্থানীয় পঞ্চায়েতের প্রতিনিধিদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মণিকরণ থানার পুলিশ। মৃতদেহের শরীরে কোনও আঘাতের হদিশ মেলেনি। রক্তক্ষরণের কোনও চিহ্নও পাননি তদন্তকারীরা। ময়নাতদন্তের জন্য তাঁর মৃতদেহ কুলুর একটি হাসপাতালে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে অনুমান করা হচ্ছে।

    ইতিমধ্যেই হোমস্টে-র মালিক এবং মৃতার বান্ধবীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। শারিরীক অসুস্থতার কারণে মৃত্যু নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। নিয়ম মেনে নয়াদিল্লির রুশ দূতাবাসেও ঘটনার কথা জানানো হয়েছে। মণিকরণ থানার এক আধিকারিক বলেন, ‘গোটা ঘটনার তদন্ত চলছে। কী ভাবে মৃত্যু হলো খতিয়ে দেখা হচ্ছে।’

    চলতি বছরের জানুয়ারিতে একই নামের দুই রাশিয়ান তরুণীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল গোয়ায়। খুনের অভিযোগে আলেক্সে লিওনভ (৩৭) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছিল পুলিশ। টাকার জন্যই বান্ধবীর হাত-পা বেঁধে তিনি খুন করেছিলেন বলে অভিযোগ। ওই দিনই পৃথক একটি ঘটনায় আর এক রুশ তরুণীর দেহ উদ্ধার হয়েছিল। তবে এই দু’টি ঘটনার সঙ্গে কোনও যোগসূত্র রয়েছে কি না, খতিয়ে দেখছে পুলিশ।

  • Link to this news (এই সময়)