• দেশের সুরক্ষায় দুর্ভেদ্য বর্ম হয়ে উঠবে মিশন সুদর্শন চক্র: রাজনাথ
    বর্তমান | ১৪ জুন ২০২৬
  • নয়াদিল্লি: মিশন সুদর্শন চক্র। দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করার এক বিশেষ উদ্যোগ। ২০২৫ সালের স্বাধীনতা দিবসের ভাষণে বার্তা দিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানালেন, স্রেফ প্রতিরক্ষা ব্যবস্থার উন্নতিই নয়, এর মাধ্যমে আধুনিক ভারত বহু-স্তরীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পেতে চলেছে। তাঁর কথায়, এই প্রতিরক্ষা ব্যবস্থা শুধু সামরিক ঘাঁটিগুলিকেই সুরক্ষা দেবে না, বরং অসামরিক কাঠামো এবং দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলির নিরাপত্তাও নিশ্চিত করবে। রাজনাথ জানান, প্রয়োজন পড়লে শত্রুর বিরুদ্ধে আঘাত হানতে সক্ষম এই ব্যবস্থা। এর ত্রিস্তরীয় সুরক্ষা বলয় সাধারণ মানুষের অসুবিধা কমিয়ে তাদের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দেবে। এদিকে, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বলয় গড়ার আরও এক মাইলফলক ছুঁল ভারত। সফলভাবে ব্যালিস্টিক মিসাইল ডিফেন্সের তিনটি ফ্লাইট-টেস্ট সম্পন্ন করেছে ডিআরডিও। গত ১০ ও ১১ জুন হওয়া এই পরীক্ষাগুলিতে বায়ুমণ্ডলের ভিতরে (এন্ডো-অ্যাটমস্ফেরিক) এবং বায়ুমণ্ডলের বাইরে মহাকাশে (এক্সো-অ্যাটমস্ফেরিক) লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম হয়েছে এই ইন্টারসেপ্টর মিসাইলগুলি। 
  • Link to this news (বর্তমান)