রাজনৈতিক সৌজন্যতা বজায় রেখে সংবর্ধনা অনুষ্ঠানে শাসক দলকে খোঁচা মন্ত্রী শংকরের
বর্তমান | ১৪ জুন ২০২৬
সঞ্জিত সেনগুপ্ত, শিলিগুড়ি: সৌজন্যের আবহে শিলিগুড়ির মেয়র ও তাঁর দলকে দুর্নীতির ইস্যতে খোঁচা দিলেন পর্যটনমন্ত্রী শংকর ঘোষ। শনিবার পুরসভার উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে শহরের বিধায়ক তথা রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষকে সংবর্ধিত করা হয়। দীনবন্ধু মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রীর হাতে সম্মাননা তুলে দেন মেয়র গৌতম দেব।
রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসাবে এবার ভোটের ময়দানে একে অপরের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। গত পাঁচ বছর বিধায়ক থাকাকালীন পুরসভায় বিধায়ক তহবিলের অর্থে উন্নয়নমূলক কাজের প্রস্তাব দিয়ে সাড়া না পাওয়া এবং মেয়রের সঙ্গে দেখা করতে না পারার অভিযোগও বারবার তুলেছিলেন শংকর। সেই প্রেক্ষাপটে এদিনের সংবর্ধনা অনুষ্ঠান রাজনৈতিক মহলেও বিশেষ তাৎপর্য বহন করেছে।
সংবর্ধনা গ্রহণ করতে প্রথমে অনিচ্ছা প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, আমি সংবর্ধনায় বিশ্বাসী নই, অভ্যস্থও নই। তবে প্রশাসনিক পদে থেকে এবং শিলিগুড়ির মানুষের প্রতিনিধি হিসাবে পুরসভার এই সম্মান গ্রহণ করলাম। এটি রাজনৈতিক মঞ্চ নয়, প্রশাসনিক অনুষ্ঠান। সরকারি আমন্ত্রণ গ্রহণ করেছি। আমি জানি স্থান-কাল-পাত্র বুঝে বক্তব্য রাখতে হয়। ব্যক্তি আক্রমণ বা অপমান করার জায়গা এটি নয়।
তবে সৌজন্যের আবহ বজায় রেখেও রাজনৈতিক বার্তা দিতে ভোলেননি শংকর ঘোষ। নিজের নামের আগে ‘মন্ত্রী’ শব্দ যুক্ত হওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, মন্ত্রী শব্দটা আমার কাছে ভয়ের। কারণ এতদিন রাজ্যের মন্ত্রীদের সম্পর্কে মানুষের মনে যে ধারণা তৈরি হয়েছে, তা খুব সুখকর নয়। তাই সবসময় চেষ্টা করি মানুষের মধ্যে যেন আমার সম্পর্কে সেই ধারণা না তৈরি হয়।
শহরের উন্নয়নের স্বার্থে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থানের ইঙ্গিত দিয়ে বলেন, কেউ দুর্নীতি করে থাকলে তার তদন্ত হবেই। দুর্নীতির ক্ষেত্রে কাউকে রেয়াত করা হবে না।
রাজনৈতিক মঞ্চে অতীতের সংঘাত প্রসঙ্গে শংকর বলেন, রাজনীতির মঞ্চ আর প্রশাসনিক কাজের ক্ষেত্র এক নয়। রাজনৈতিক মঞ্চে অনেক কিছুই বলা হয়, কিন্তু সরকারি অনুষ্ঠানে সেই বিষয় টেনে আনা উচিত নয়। এতদিন আমি অনেক যন্ত্রণার মধ্যে রাজনীতি করেছি। তবে আমি কাউকে অপমান করার শিক্ষা পাইনি।
অন্যদিকে, মেয়র গৌতম দেব বলেন, রাজনৈতিক লড়াইয়ে অনেক কথা হয়। কিন্তু শংকর ঘোষ শহরের বিধায়ক এবং বর্তমানে মন্ত্রী। সেই কারণেই তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং পুরসভার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। • নিজস্ব চিত্র।