ইটাহারে স্কুল যাওয়ার পথে ডাম্পারের ধাক্কায় মৃত্যু ছাত্রীর
বর্তমান | ১৪ জুন ২০২৬
সংবাদদাতা, ইটাহার: স্কুলে যাওয়ার জন্য সকালে বাবার কাছে টোটো ভাড়া বাবদ চেয়েছিল ৫ টাকা। কিন্তু আর স্কুলে যাওয়া হল না। শনিবার সকালে স্কুল যাওয়ার পথে ডাম্পারের ধাক্কায় মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রীর। মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে ইটাহারের কালোমাটিয়া এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে। মৃতার নাম মামনুন নেশা (১২)। বাড়ি ইটাহার সংলগ্ন দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার কালোমাটিয়া নয়াপাড়ায়।
মামনুন ইটাহারেরে একটি স্কুলের পড়ুয়া। শনিবার সকালে বাবার কাছে স্কুলে যাওয়ার জন্য টোটো ভাড়া চেয়েছিল মামনুন। বাবা আব্দুল হক ঘুম ঘুম চোখে মেয়েকে বলেছিলেন, তাঁর কাছে খুচরো টাকা নেই। এরপর মায়ের থেকে টাকা নিয়ে স্কুলের উদ্দেশে বেরিয়ে যায় মামনুন। প্রতিবেশী সহপাঠীকে নিয়ে জাতীয় সড়ক পার হয়ে টোটো ধরার জন্য কালোমাটিয়া বাসস্ট্যান্ডে আসছিল সে। হঠাৎ রায়গঞ্জমুখী একটি ডাম্পার ওই ছাত্রীকে ধাক্কা মারে। সহপাঠীরা অক্ষত থাকলেও গুরুতর জখম হয় মামনুন। স্থানীয়রা তড়িঘড়ি জখম পড়ুয়াকে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসক ছাত্রীকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে ইটাহার গ্রামীণ হাসপাতালে ছুটে আসেন ওই ছাত্রীর বাবা সহ পরিজনেরা। মেয়ের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন আব্দুল। বলেন, মেয়েটা সকালেই স্কুলে যাওয়ার জন্য টাকা চাইল। কয়েক মিনিট পরই দুর্ঘটনার খবর পাই। হাসপাতালে আসেন স্কুলের শিক্ষিকারাও। স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা সাহানাজ পারভিন বলেন, ভাবতেই পারছি না মামনুন আর নেই। ইটাহার থানার পুলিশ ডাম্পারটিকে আটক করেছে। পাশাপাশি পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠিয়েছে।