• বিজেপিতে যাচ্ছি না: অনুব্রত
    বর্তমান | ১৪ জুন ২০২৬
  • সংবাদদাতা, বোলপুর: আমি বিজেপিতে যাব না। আর আমাকে ডাকার কোনো কারণ নেই। শনিবার বোলপুরে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর ভালো সম্পর্ক রয়েছে বলেও তিনি জানিয়েছেন। এদিকে শুক্রবার গভীর রাতে বোলপুরের নীচুপট্টিতে অনুব্রতবাবুর বাড়ির সামনে এবিভিপির পক্ষ থেকে তাদের সংগঠনের  পতাকা টাঙানো হয়। বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর দলের অন্দরে অসন্তোষের সুর আরও জোরালো হচ্ছে। বৃহস্পতিবারের পর শুক্রবারও দলের প্রতি আক্ষেপ শোনা যায় অনুব্রতবাবুর গলায়। 

    এবারের বিধানসভা নির্বাচনে হাসন কেন্দ্র থেকে জয়ী হওয়ার পাশাপাশি কাজল শেখ জেলা পরিষদের সভাধিপতির দায়িত্বেও রয়েছেন। তৃণমূল ক্ষমতায় থাকাকালীন একাধিক জনসভায় তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘বঙ্গজননী’ ও ‘মমতাময়ী মা’ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘সেনাপতি’ বলে উল্লেখ করতে শোনা গিয়েছিল। কিন্তু, নির্বাচনে ভরাডুবির পরই কাজল শেখ সহ অনেক বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে নাম লিখিয়েছেন বলে জল্পনা শুরু হয়েছে। সেই প্রসঙ্গে শুক্রবার অনুব্রতবাবু কারও নাম না করে বলেন, একটা সাক্ষাৎকারে আমি শুনেছিলাম, মমতাময়ী মা, সেনাপতি অভিষেক। এমনকি, গলা কেটে দিলেও নাকি ‘মা-মা’ আর ‘অভিষেক-অভিষেক’ই বেরবে। আজ সেই কথাগুলি কোথায় গেল? শনিবার বোলপুরে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সামনে ক্ষোভ প্রকাশ করে অনুব্রতবাবু বলেন, তিহার জেল থেকে ফেরার পর আমার জেলা সভাপতির পদ কেড়ে নেওয়া হয়। আমাকে কোর কমিটির সদস্য ও পরে কনভেনরের দায়িত্ব দেওয়া হয়। 
  • Link to this news (বর্তমান)