সংবাদদাতা, কাঁথি: দীঘায় চালু হয়ে গেল ডাইনোসর পার্ক। কখনও মুভিং ডাইনোসর আপনার দিকে ছুটে আসবে। আবার ডাইনোসরের পিঠে চড়ে আপনি গোটা পার্ক প্রদক্ষিণ করতে পারবেন। এমনই ছোটো-বড়ো বিভিন্ন মডেলের ডাইনোসরের গতিবিধি লক্ষ্য করা যাবে এই পার্কজুড়ে। ডাইনোসরের সাম্রাজ্যে ঢুকে কিছুটা সময় প্রাগৈতিহাসিক যুগের স্মৃতি রোমন্থন করতে পারবেন। দিঘার জগন্নাথ মন্দিরের বিপরীতে কয়েকদিন আগে এই ডাইনোসর পার্ক চালু হয়েছে। ২০২৫ সালে মন্দিরের উদ্বোধনের সময় এটি ‘নেচার পার্ক’ হিসাবেই চালু হয়েছিল। তারই অংশ হল এই ডাইনোসর পার্ক। ইতিমধ্যেই জগন্নাথ মন্দির দর্শন এবং বেড়াতে আসা পর্যটকরা এই পার্কে ভিড় জমাচ্ছেন। শিশুদের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে পার্কটি। দীঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থার (ডিএসডিএ) উদ্যোগে নেচার পার্ক গড়ে উঠেছিল। সেখানে লিজ নিয়ে ডাইনোসর পার্কের কাজ করেছে একটি ঠিকাদার এজেন্সি। সব মিলিয়ে ডাইনোসর পার্ক দীঘার মুকুটে আরও একটি পালক হিসেবে জুড়ল, তা বলাই বাহুল্য। পর্যটকরা মন্দির দর্শনের পাশাপাশি এই পার্কেও অনেকটা সময় কাটাতে পারবেন। ঝাউবনের মধ্যে সম্পূর্ণ প্রকৃতিবান্ধব পরিবেশে এই পার্কে ৪০টিরও বেশি ছোটো-বড়ো মডেলের ডাইনোসর বসানো হয়েছে। নেচার পার্ক চালুর সময় হাতি, ঘোড়া, হরিণ, জিরাফ প্রভৃতি জীবজন্তুর মডেল সেখানে রাখা হয়েছিল। তবে আর কিছু ছিল না। এখন তাদের পাশে জায়গা করে নিয়েছে ঘুরে বেড়ানো ডাইনোসর। পর্যটকরা পার্কের মধ্যে ঘুরে জীবজন্তু সহ নানা ধরনের বিভিন্ন মডেলের ডাইনোসর দেখতে পাবেন। তেমনই ঝাউবন সহ অন্যান্য গাছগাছালির কোলে মনোরম প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। পার্কের মধ্যে পেভার ব্লকে মোড়া কয়েকটি রাস্তা রয়েছে। আবার সেই রাস্তা একেবারে সমুদ্রসৈকতের কাছে শেষ হয়েছে। সব মিলিয়ে বেড়ানোর এক সুন্দর প্যাকেজ এই ডাইনোসর পার্ক।
পার্কে রয়েছে ছোটোদের জন্য বিভিন্ন জয় রাইড। রয়েছে ডাইনো স্লাইড, ট্রাম রাইড, ডাইনো শো। জলাশয়ে রয়েছে বোট রাইডের ব্যবস্থা। রয়েছে টয়ট্রেন। এছাড়াও রয়েছে গেম সেন্টার। তার মধ্যে রয়েছে এয়ার হকি, সুপার বাইক, সুপার কার, কিডস হর্স রাইড, ডাইনো কিডস রাইড, মিনি অ্যানিম্যাল রাইড প্রভৃতি। শুধু তাই নয়, ডাইনোসরের উৎপত্তি, তার জীবনযাত্রা, বিলুপ্তি নাইন-ডি শো’র মাধ্যমে দেখানো হবে। পার্কের প্রবেশমূল্য ৩০টাকা। শিশুদের জন্য পাঁচ বছরের ঊর্ধ্বে পুরো প্রবেশমূল্য লাগবে। তবে গেম সেন্টার, জয় রাইড কিংবা শো দেখার জন্য আলাদা মূল্য লাগবে বলে জানানো হয়েছে। দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার এজেন্সির এক কর্তার কথায়, সব আইটেমই চিন থেকে আনা হয়েছে। মুভিং ডাইনোসর কিছুদিনের মধ্যেই চালু হবে। সেগুলি বসানোর কাজ চলছে। পার্কটিকে সুসজ্জিত করার কাজ চলছে। ডিএসডিএ’র মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সুরজিৎ পণ্ডিত বলেন, ডাইনোসর পার্কটি আগামীদিনে পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠবে।