• তিন বছর পর বাড়ি ফিরতেই বিজেপি নেতাকে মার দত্তপুকুরে
    বর্তমান | ১৪ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: দত্তপুকুরে আক্রান্ত হলেন এক বিজেপি নেতা। নাম নুরুল হোসেন। তিনি দত্তপুকুরের মোচপোলের বিজেপির বুথ সভাপতি ছিলেন। দীর্ঘদিন ঘরছাড়া থাকার পর সম্প্রতি তিনি বাড়ি ফেরেন। অভিযোগ, বাড়ি ফিরতেই তাঁর উপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। গুরুতর জখম অবস্থায় নুরুল এখন বারাসত হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় দত্তপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। 

    নুরুল এলাকায় সক্রিয় বিজেপি নেতা হিসাবে পরিচিত। তিন বছর আগে মোচপোলে একটি বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ হয়। সেই ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছিল। ঘটনার পর সেখানে যান তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নুরুল তাঁর সঙ্গে এলাকায় ঘুরেছিলেন। ​তৃণমূল নেতাদের সন্দেহ ছিল, নুরুলই বেআইনি কারখানাগুলি চিহ্নিত করে দিয়েছিলেন। এরপর তৃণমূলের ভয়ে গত তিন বছর এলাকাছাড়া ছিলেন নুরুল। পরিস্থিতি বদলাতে মাসখানেক আগে বাড়ি ফিরেছেন নুরুল। বাড়ি ফিরতেই তাঁর পরিবার হেনস্তার মুখে পড়ে। নুরুলের বাবার সবজি দোকান বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। ​এরপর শুক্রবার রাতে নুরুলের বাড়িতে চড়াও হয় একদল দুষ্কৃতী। আক্রান্ত নুরুল বলেন, পরিবর্তনের পর ভরসা পেয়ে বাড়ি ফিরেছিলাম। ভেবেছিলাম শান্তিতে থাকব। তৃণমূলের দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে আমাকে মারল। যদিও এটিকে পারিবারিক বিবাদ বলে দাবি করেছে তৃণমূল।
  • Link to this news (বর্তমান)