সংবাদদাতা, বনগাঁ: রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতালে ‘দাদাগিরি’ করছিলেন। এমন অভিযোগে এক তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করল গোপালনগর থানার পুলিশ। ধৃতের নাম পিন্টু মন্ডল। শুক্রবার রাতে স্থানীয় পাল্লা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। ধৃতের বিরুদ্ধে অভিযোগ, দীর্ঘদিন ধরে পাল্লা গ্রামীণ হাসপাতালের প্যাথলজিক্যাল পরীক্ষা নিজের দখলে রেখেছিলেন তিনি। হাসপাতালে চিকিৎসাধীন রোগীর কোনো শারীরিক পরীক্ষা করতে হলে পিন্টু তা নিজের দায়িত্বে করতেন। নিজের খুশি মতো টাকা নিতেন। যে সব রক্তের পরীক্ষা হাসপাতালে হতো না, পিন্টুই রোগীদের কাছ থেকে রক্ত সংগ্রহ করে তা বাইরে ল্যাবে পাঠাতেন। এই কাজে অন্য কেউ ঢুকতে পারতেন না। গত মে মাসে হাসপাতালে রোগীর আত্মীয় এক মহিলা এই ঘটনার প্রতিবাদ করলে পিন্টুর সঙ্গে তাঁর ঝামেলা হয়। তখন অভিযোগ দায়ের হয়েছিল।