মাদক পাচার মামলায় এবার ধৃত তৃণমূল পঞ্চায়েত সদস্যের ভাই
বর্তমান | ১৪ জুন ২০২৬
সংবাদদাতা, বনগাঁ: এবার মাদকপাচার মামলায় গ্রেপ্তার বাগদা ব্লকের আষাঢ়ু পঞ্চায়েতের তৃণমূল সদস্য আরব শেখের ভাই ময়না শেখ। এই ঘটনায় আগেই আরব শেখকে গ্রেপ্তার করেছিল বাগদা থানার পুলিশ। শনিবার ভোরে নিউ বারাকপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এদিন ধৃতকে আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন।পঞ্চায়েত সদস্য আরব শেখ ভাই ময়না শেখ ও আত্মীয় আলম শেখকে নিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় মাদকপাচার চালাচ্ছিলেন। সোমবার গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাঁদেরকে ধরতে গেলে ময়না ও আলম পালিয়ে যান। তবে আরব শেখকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ধৃতকে নিজেদের হেপাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। এরপর ময়না শেখকে গ্রেপ্তার করা হয়। আলম এখনও পলাতক। ধৃত ময়না বাঁশঘাটা এলাকার বাসিন্দা। সীমান্তবর্তী এলাকার বাসিন্দা হওয়ায় দীর্ঘদিন ধরে বাংলাদেশে মাদক পাচারের সঙ্গে যুক্ত তিনি। এর আগে শাসকদলকে কাজে লাগিয়ে আরব ভাইকে একাজে সাহায্য করেছেন, পাশাপাশি নিজেও এই ব্যবসা চালিয়ে গিয়েছেন।