• আজ ফের হাজিরা অভিষেকের
    বর্তমান | ১৪ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধানসভায় সই জাল-কাণ্ডে আজ, রবিবার ফের সিআইডি জেরার মুখোমুখি হতে চলেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেসব প্রশ্নের সন্তোষজনক উত্তর গতবারের জেরায় দেননি তিনি, সেগুলি ফের তাঁর কাছে জানতে চাইবেন তদন্তকারীরা। বিধায়কদের নিয়ে বৈঠকের রেজোলিউশন বুক কোথায় রয়েছে, তাঁকে ফের এই প্রশ্ন করতে পারেন তদন্তকারীরা। একই সঙ্গে এক্ষেত্রে দলনেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা কী ছিল, তাও জানতে চাইবেন তদন্তকারীরা। অফিসারদের বক্তব্য, দলের চেয়ারপার্সন হিসাবে দায়িত্ব অস্বীকার করতে পারেন না তিনি। রেজোলিউশন বুক নিয়ে মমতা কী কী জানেন, তা জানাটাও জরুরি তদন্তের স্বার্থে। তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষকেও এদিন একই ইস্যুতে সিআইডি জেরার মুখোমুখি হতে হবে। অভিষেক ও কুণালের বয়ানে  কোনো ফারাক থাকছে কি না, মিলিয়ে দেখবেন অফিসাররা। কোনো অসামঞ্জস্য বা গরমিল পাওয়া গেলে দু’জনের কাছেই তারা ব্যাখ্যা চাওয়া হবে। প্রয়োজনে তাঁদের একসঙ্গে বসিয়ে জেরা করা হতে পারে বলে সূত্রের খবর। 

    বৃহস্পতিবার আদালতের নির্দেশ মেনে সিআইডি জেরার মুখোমুখি হন অভিষেক। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে ছাড়া হয়। তাঁকে ১৪ জুন ফের তলব করে সিআইডি। সূত্রের খবর, আগের দিনের জেরায় রেজোলিউশন বুক নিয়ে উত্তর এড়িয়ে গিয়েছেন ডায়মন্ডহারবারের এমপি। বিধানসভায় তিনি কোন ক্ষমতা বলে চিঠি দিলেন, তারও স্পষ্ট ব্যাখ্যা দেননি। এক্ষেত্রে সংসদীয় রীতিনীতির বিষয়ে প্রশ্ন করা হলেও তিনি চুপ থেকেছেন বলে খবর। এবার আরও কিছু কড়া প্রশ্নের মুখে পড়তে হবে তাঁকে। সই যে জাল, এটি তিনি কখন জেনেছিলেন বা বিধায়কদের সই করার জন্য চাপ দেন কি না— এসব বিষয়ে তাঁর কাছে জানতে চাওয়া হতে পারে। তিনি কী উত্তর দিচ্ছেন, তার ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন তদন্তকারীরা।
  • Link to this news (বর্তমান)