'ফেলুদা' হিসেবেই তাঁকে দর্শক বিপুল ভালবাসা দিয়েছেন। তিনি অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। বহুদিন পর্দা থেকে দূরেই রয়েছেন তিনি। তবে এবার নাকি নতুন চরিত্রে দর্শকের সামনে হাজির হতে চলেছেন অভিনেতা। ছোটপর্দা কিংবা বড়পর্দায় নয়, থ্রিলারের মিশেলে ওটিটি প্ল্যাটফর্মে দেখা যেতে চলেছে অভিনেতাকে।
টলিপাড়ার অন্দরের খবর, হইচই-এর আসন্ন সিরিজ 'অ্যাডভোকেট অচিন্ত্য আইচ'-এর তৃতীয় সিজনে দেখা যেতে চলেছে সব্যসাচী চক্রবর্তীকে। শুধু তিনিই নন, তাঁর স্ত্রী মিঠু চক্রবর্তীও বহু বছর পর মারণ রোগের সঙ্গে জিতে ফিরছেন এই সিরিজে। তবে গল্পে সব্যসাচীর চরিত্রটি ঠিক কেমন হবে, তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি। তবে তাঁর চরিত্রটি যে এই সিরিজে দারুণ নজর কাড়বে, সেটা বোঝাই যাচ্ছে।
আবারও আদালত চত্বরে জমবে ঠিক-ভুলের খেলা। সত্যিকে সবার সামনে আনার জন্য আবারও সমাজের বিরুদ্ধে লড়তে দেখা যাবে অ্যাডভোকেট অচিন্ত্য আইচকে। ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ আসছে 'অ্যাডভোকেট অচিন্ত্য আইচ'-এর তৃতীয় সিজন। বরাবরের মতোই কেন্দ্রীয় চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেতা ঋত্বিক চক্রবর্তীকে। সঙ্গে অবশ্যই দেখা যাবে খেয়া চ্যাটার্জি ও দেবরাজ ভট্টাচার্যকে। জানা যাচ্ছে, ইতিমধ্যেই শুটিং শুরু হতে চলেছে এই সিরিজের। জয়দীপ মুখার্জির পরিচালনায় এবারও নানা চমক থাকছে সিরিজের গল্পে।
এই সিরিজের চমক হিসেবে থাকছেন অভিনেত্রী ইশা সাহা। জানা যাচ্ছে, তাঁকে ঘিরেই আবর্তিত হবে অচিন্ত্যর এবারের কেস। এছাড়াও নাকি থাকবেন টলিউডের আরও পরিচিত মুখেরা।আগের দুটি সিজনেই দেখা গিয়েছিল অভিনেতা শাশ্বত চ্যাটার্জির ক্যামিও। এবার তিন নম্বর সিজনেও তিনি থাকছেন কিনা, তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি।
প্রসঙ্গত, প্রতিবারই সিরিজের শেষপাতের টুইস্টে আরও একবার মাস্টার স্ট্রোক দিয়েছিলেন পরিচালক জয়দীপ মুখার্জি। তবে এবারের সিজনেও কি কোনও সত্য ঘটনা উঠে আসবে? নাকি কল্পনাই বাস্তব রূপ পাবে? তা যদিও এখনও পর্যন্ত খোলসা নয়।