• নাম না করে তোপ সিএবিকে? ক্রীড়ামন্ত্রীকে পত্রবোমা অভিষেকের
    এই সময় | ১৪ জুন ২০২৬
  • এই সময়: বোমা ফাটালেন সিএবির প্রাক্তন প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া। বাংলার খেলাধুলোয় দুর্নীতি আটকাতে রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী ডাক্তার ইন্দ্রনীল খাঁ–কে খোলা চিঠি দিলেন অভিষেক। কোনও রকম বেআইনি ভাবে নয়, যোগ্যতা এবং প্রতিভার মাধ্যমেই যাতে বাংলার অ্যাথলিটরা সুযোগ পেতে পারেন, তা নিশ্চিত করার ব্যাপারে ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন তিনি।

    তবে চিঠির একটি জায়গায় অভিষেক লিখেছেন, ‘বাংলার একটি নামী ক্রীড়া সংস্থার এক কমিটি মেম্বারের বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রচুর অর্থের বিনিময়ে অন্যায় ভাবে অযোগ্যদের টিমে জায়গা করে দিয়েছেন। আর্থিক লেনদেনের সমস্ত নথি, ব্যাঙ্ক ডিটেলসের স্ক্রিনশট জমা দেওয়ার পরেও এই বিষয়ে কোনও তদন্ত করা হয়নি। উল্টে অভিযোগকারীকেই চাপ দেওয়া হয়েছিল সব অভিযোগ তুলে নেওয়ার জন্য।’

    মনে করা হচ্ছে, অভিষেক নাম না করে বাংলার ক্রিকেট সংস্থা সিএবির দিকেই আঙুল তুলেছেন। এক জায়গায় তিনি বলেওছেন, ‘আমি যখন সিএবি প্রেসিডেন্ট ছিলাম, তখন করোনাকাল চলছিল। সেই সময়েও ক্রিকেটে বেআইনি কাজের জন্য অন্তত ৫০ জনকে শাস্তি দেওয়া হয়েছিল। কারণ, আমরা স্বচ্ছ্বভাবে সব কিছু করতে চেয়েছিলাম। যাতে স্থানীয় ক্রিকেটাররা প্রকৃত সুযোগ পায়।’

    বাংলায় সরকার বদলের পরে ময়দানকেও কলুষমুক্ত করার ডাক দেওয়া হয়েছে। ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব নিয়েই ইন্দ্রনীল খাঁ বেশ কিছু বিষয়ে তদন্তের ইঙ্গিত দিয়েছেন। তার মধ্যে মেসির ঘটনা থেকে ডায়মন্ড হারবার ক্লাবের বিষয়ও আছে। সিএবির নির্বাচন নিয়েও কিছু প্রশ্ন উঠেছে। সেই ব্যাপারে কিছু পদক্ষেপ নেওয়া হয় কি না, তা ভবিষ্যৎ বলবে। তার আগে প্রাক্তন সিএবি প্রেসিডেন্টের ‘পত্রবোমা’–য় বাংলার ক্রীড়ামহল তোলপাড়।
  • Link to this news (এই সময়)