• নিউ মার্কেট, রাজারহাটে বুলডোজার, বালিগঞ্জ স্টেশনে হকারদের পাশে বামেরা
    বর্তমান | ১৪ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও বিধাননগর: কলকাতা পুরসভার পক্ষ থেকে শনিবার নিউ মার্কেটের কিছু অংশ দখলদারমুক্ত করা হল। জানা গিয়েছে, নিউ মার্কেট এলাকার বেশ কয়েকটি রাস্তা দখল করেছিল অস্থায়ী নির্মাণ। এমনকি ফুটপাতও বেদখল হয়েছিল বলে অভিযোগ। এদিন বুলডোজার এনে তা সাফ করা হয়। পরে পুরসভার গাড়িতে করে অস্থায়ী দোকানের ছাউনি, চৌকি সহ যাবতীয় জিনিস অন্যত্র নিয়ে যাওয়া হয়। 

    এদিকে, যাদবপুর, বাঘাযতীনের পর শিয়ালদহ দক্ষিণ শাখার বালিগঞ্জ স্টেশনেও হকার উচ্ছেদের নোটিশ পড়েছিল। শনিবার রাতে রেল কর্তৃপক্ষ হকার উচ্ছেদ করতে পারে খবর পেয়ে রাত ১১ টা নাগাদ হকারদের সঙ্গে নিয়ে বালিগঞ্জ স্টেশনে জমায়েত করে বাম নেতৃত্ব। প্ল্যাটফর্মের উপর মিছিলে অংশ নেন ৯২ নম্বর ওয়ার্ডের সিপিআই কাউন্সিলার মধুছন্দা দেব, সিপিএম নেতা শতরূপ ঘোষ, সুদীপ সেনগুপ্ত প্রমুখ। এসইউসিআইয়ের নেতৃত্বও উপস্থিত হন। যদিও এদিন বালিগঞ্জ স্টেশনে বুলডোজার দেখা যায়নি বলেই খবর। বাম নেতৃত্বের দাবি, বালিগঞ্জ স্টেশনে উচ্ছেদ ঠেকাতে আদালতের দ্বারস্থ হয়েছেন তারা। সেই কাগজপত্র রেল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। বলা হয়, আগামী ১৭ তারিখ আদালতে মামলা ওঠা পর্যন্ত উচ্ছেদ করা যাবে না। এদিন রাতভর হকারদের সঙ্গে স্থানীয় বামকর্মীরা স্টেশন পাহারা দেন। 

    বেআইনি নির্মাণ ভাঙতে বুলডোজার অভিযান নিয়ে বার্তা দিয়েছেন রাজারহাট-গোপালপুরের বিজেপি বিধায়কও। সোশ্যাল মিডিয়ায় বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি লিখেছেন, ‘রাজারহাট-গোপালপুরে বুলডোজার অ্যাকশান শুরু হয়েছে।’ একটা অবৈধ বিল্ডিং ভাঙা হয়েছে বলেও দাবি করেন তিনি। তরুণজ্যোতি জানান, আরও বেশ কিছু বেআইনি নির্মাণ ভাঙা হবে। প্রসঙ্গত, শুক্রবার এই বিধানসভার অন্তর্গত বাগুইআটির জগৎপুরে একটি নির্মীয়মাণ বিল্ডিং বুলডোজার দিয়ে ভেঙে ফেলে প্রশাসন। সূত্রের খবর, ওই বিল্ডিংটি ছিল বেআইনি। এছাড়া, শনিবার বিধাননগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে একটি আবাসনে সরকারি ত্রাণ সামগ্রী মজুত করে রাখা হয়েছে বলে জানতে পারেন প্রশাসনের কর্তারা। পরে তা উদ্ধার করা হয়। সরকারি ত্রাণ মজুত করে রাখা নিয়ে তৃণমূলকে নিশানা করেছেন বিধায়ক।  নিউ মার্কেটে তোলা নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)