• স্কাই ডাইভিং করতে চান? ভারতের কোথায় কোথায় রয়েছে সেই সুযোগ?
    এই সময় | ১৪ জুন ২০২৬
  • অ্যাডভেঞ্চারপ্রেমীদের কাছে স্কাই ডাইভিং এমন একটি অভিজ্ঞতা, যা জীবনে একবার হলেও উপভোগ করার ইচ্ছা থাকে। হাজার হাজার ফুট উচ্চতায় উঠে বিমান থেকে ঝাঁপ দেওয়া, কয়েক সেকেন্ডের ফ্রি-ফল, তারপর প্যারাশুটের সাহায্যে ধীরে ধীরে মাটির দিকে নেমে আসা— এই পুরো অভিজ্ঞতাই রোমাঞ্চে ভরপুর। সেই অ্যাড্রিনালিন রাশ উপভোগ করতেই হাজার হাজার টাকা খরচ করেন পর্যটকরা। স্কাই ডাইভিং-এর জন্য দুবাই বা নিউজিল্যান্ডের মতো বিদেশি গন্তব্যের কদর বেশ। তবে ভারতেও এমন বেশ কয়েকটি অসাধারণ জায়গা রয়েছে, যেখানে আন্তর্জাতিক মানের নিরাপত্তা ও প্রশিক্ষণের সঙ্গে স্কাই ডাইভিংয়ের সুযোগ পাওয়া যায়। রইল সেই হদিশ…

    কর্ণাটকের মাইসুরু ভারতের অন্যতম জনপ্রিয় স্কাই ডাইভিং স্পট হিসেবে পরিচিত। চামুন্ডি পাহাড়ের পাদদেশে অবস্থিত এই জায়গায় প্রায় ১০,০০০ ফুট উচ্চতা থেকে ঝাঁপ দেওয়ার সুযোগ রয়েছে। নতুনদের জন্য ট্যান্ডেম জাম্পের ব্যবস্থা থাকলেও, অভিজ্ঞ হতে চাইলে পেশাদার প্রশিক্ষণও নেওয়া যায়। আকাশ থেকে মাইসুরুর সবুজে মোড়া প্রকৃতির দৃশ্য সারা জীবন মনে থেকে যাবে।

    মুম্বই ও পুনের কাছাকাছি অবস্থিত অ্যাম্বি ভ্যালি শুধু বিলাসবহুল রিসর্টের জন্যই নয়, অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্যও বিখ্যাত। যাঁরা প্রথমবার স্কাই ডাইভিং করতে চান, তাঁদের জন্য এটি আদর্শ গন্তব্য। এখানে প্রায় ১০,০০০ ফুট উচ্চতা থেকে ট্যান্ডেম জাম্প করানো হয়। আকাশ থেকে নীচে তাকালে অ্যাম্বি ভ্যালির মনোরম প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ পাহাড় এবং জলাশয়ের দৃশ্য এক অনন্য অনুভূতি তৈরি করে।

    গুজরাটের দিসাকে ভারতের প্রথম সরকারি স্বীকৃত স্কাই ডাইভিং কেন্দ্র হিসেবে ধরা হয়। এখানে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া নিয়মিত স্কাই ডাইভিং ক্যাম্পের আয়োজন করে। নতুনদের জন্য ‘স্ট্যাটিক লাইন জাম্প’-এর বিশেষ ব্যবস্থা রয়েছে। এই পদ্ধতিতে প্যারাশুট একটি বিশেষ দড়ির মাধ্যমে বিমানের সঙ্গে যুক্ত থাকে এবং ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গেই স্বয়ংক্রিয় ভাবে তা খুলে যায়। ফলে প্রথমবার স্কাই ডাইভিং করতে ইচ্ছুকদের জন্য এটি বেশ নিরাপদ বিকল্প।

    যদি সমুদ্রের নীল জলরাশির উপরে উড়ে যাওয়ার স্বপ্ন দেখেন, তাহলে পুদুচেরি আপনার জন্য সেরা গন্তব্য হতে পারে। এখানে স্কাই ডাইভিংয়ের সময় একদিকে যেমন দেখা যায় বঙ্গোপসাগরের বিস্তীর্ণ জলরাশি, অন্যদিকে তেমনই চোখে পড়ে ফরাসি স্থাপত্যে সাজানো সুন্দর শহর। সমুদ্র, আকাশ এবং শহরের অনন্য মেলবন্ধন স্কাই ডাইভিংয়ের রোমাঞ্চকে কয়েকগুণ বাড়িয়ে দেয়।

  • Link to this news (এই সময়)