• বৃষ্টির দেখা নেই! গলদ ঘর্ম দক্ষিণবঙ্গ, আজ কি ভিজবে কলকাতা?
    এই সময় | ১৪ জুন ২০২৬
  • খাতায়-কলমে বর্ষা প্রবেশ করেছে দক্ষিণবঙ্গে। কিন্তু তার পরেও দেখা নেই বর্ষার বৃষ্টির। অন্যদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরমে নাজেহাল হতে হচ্ছে দক্ষিণবঙ্গবাসীকে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। সম্ভাবনা রয়েছে কালবৈশাখীরও।

    রবির সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। কিন্তু বৃষ্টির দেখা নেই। যার জেরে সকাল থেকেই গরমে নাজেহাল হচ্ছেন পথচলতি সাধারণ মানুষ। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বিকেল বা সন্ধ্যার দিকে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি।

    আজ, রবিবার বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং হুগলি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী সপ্তাহেও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    আগামী ৪৮ ঘণ্টায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী সপ্তাহেও ভারী থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে উত্তরবঙ্গে। দার্জিলিং থেকে মালদা পর্যন্ত সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি হতে পারে।

  • Link to this news (এই সময়)