• জনতার দরবারে মানবিক মুখ, ৯ বছরের আরোহীর আজীবন চিকিৎসার দায়িত্ব নিলেন মুখ্যমন্ত্রী
    দৈনিক স্টেটসম্যান | ১৪ জুন ২০২৬
  • কলকাতার সল্টলেকের বিজেপি রাজ্য দপ্তরে শনিবার অনুষ্ঠিত ‘জনতার দরবার’ কর্মসূচিতে এক মানবিক ঘটনার সাক্ষী থাকল সাধারণ মানুষ। রাজ্যের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাধারণ মানুষের সমস্যা শোনার সময় এক অসুস্থ শিশুর চিকিৎসা নিয়ে তাৎক্ষণিক বড় সিদ্ধান্ত নেন।

    ৯ বছরের শিশু আরোহী দীর্ঘদিন ধরে এক জটিল ও দুরারোগ্য রোগে আক্রান্ত। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, চিকিৎসার খরচ বহন করতে না পারায় তারা চরম আর্থিক সংকটে পড়েছে। স্থানীয় স্তরে সাহায্যের জন্য বহুবার আবেদন করা হলেও প্রত্যাশিত সহযোগিতা মেলেনি বলে দাবি করেন আরোহীর অভিভাবকরা।

    শেষ পর্যন্ত তারা সরাসরি মুখ্যমন্ত্রীর জনতার দরবারে উপস্থিত হন। শিশুটির শারীরিক অবস্থার কথা শুনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সঙ্গে সঙ্গেই পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। তিনি ঘোষণা করেন, আরোহীর সম্পূর্ণ চিকিৎসার খরচ রাজ্য সরকার বহন করবে এবং তার দীর্ঘমেয়াদি চিকিৎসার দায়িত্বও সরকারই দেখবে।

    একইসঙ্গে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ভেলোরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়, যাতে প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসা দ্রুত শুরু করা যায়।মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আরোহীর চিকিৎসার যাবতীয় আর্থিক দায়ভার রাজ্য সরকার বহন করবে বলে জানানো হয়। পরিবারের সদস্যদের আশ্বস্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও বলেন তিনি।

    এই কর্মসূচিকে ঘিরে সল্টলেক দপ্তরে সাধারণ মানুষের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। চাকরি সংক্রান্ত সমস্যা, স্বাস্থ্য সমস্যা থেকে শুরু করে বিভিন্ন অভিযোগ নিয়ে বহু মানুষ সেখানে হাজির হন। প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগের এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন অনেকে। এই ঘটনার পর আরোহীর পরিবার মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)