• আজ ফের ৮ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু
    দৈনিক স্টেটসম্যান | ১৪ জুন ২০২৬
  • কলকাতা ও হাওড়ার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম বিদ্যাসাগর সেতু। আর সেই সেতুতে জরুরি মেরামতি ও সংস্কারের কাজ চলার কারণে রবিবার, ১৪ জুন টানা আট ঘণ্টা সেতু বন্ধ রাখা হবে। সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত টানা আট ঘণ্টা যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। কলকাতা পুলিশের তরফে এবিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পাশাপাশি রবিবার কোন বিকল্প পথে যান চলাচল করবে তা উল্লেখ  করা হয়েছে।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, নির্ধারিত সময়ে সেতুতে কোনোপ্রকার পণ্যবাহী, যাত্রীবাহী যান চলাচল করতে দেওয়া হবে না। সেতুর স্টে কেবল ও বিয়ারিং মেরামতির কারণে সেতু বন্ধ রাখা হচ্ছে। কলকাতা পুলিশের তরফে এদিন বিকল্প রাস্তার ব্যবস্থা করা হয়েছে। বিদ্যাসাগর সেতুর দিকে যাওয়া পশ্চিমমুখী যানবাহনগুলিকে টার্ফ ভিউ থেকে ঘুরিয়ে হেস্টিংস ক্রসিং হয়ে সেন্ট জর্জেস গেট রোড–স্ট্র্যান্ড রোড–হাওড়া ব্রিজের দিকে পাঠানো হবে।

    জে অ্যান্ড আইল্যান্ড দিক থেকে আসা গাড়িগুলিকে ১১ নম্বর ফাৰ্লং গেট থেকে ঘুরিয়ে হেস্টিংস ক্রসিং হয়ে হাওড়া ব্রিজের দিকে পাঠানো হবে। সিজিআর থেকে আসা গাড়িগুলিকেও হেস্টিংস দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। বিদ্যাসাগর সেতুর র‌্যাম্পে ওঠার পরিবর্তে যানবাহনগুলিকে ১১ ফার্লং গেট হয়ে খিদিরপুর রোড ও রেড রোড ব্যবহার করে হাওড়া ব্রিজের দিকে যেতে হবে।

    সেতু বন্ধ থাকার কারণে শহরের রাস্তায় যানজটের পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানানো হয়েছে। সেক্ষেত্রে হাতে সময় নিয়ে রাস্তায় বেরোনোর পরামর্শ দিয়েছে পুলিশ। কলকাতা পুলিশ ট্রাফিক বিভাগের তরফে পরিস্থিতি সামাল দিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)