• ৩০ হাজার মানুষ নিয়ে রেড রোডেই হবে যোগ উৎসব
    দৈনিক স্টেটসম্যান | ১৪ জুন ২০২৬
  • ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার কলকাতায় হতে চলেছে এক ঐতিহাসিক আয়োজন। এক সপ্তাহ ধরে রাজ্যজুড়ে অনুষ্ঠিত হতে চলেছে যোগ উৎসব। রাজ্য ও কেন্দ্রের আয়ুষ মন্ত্রকের যৌথ উদ্যোগে এই যোগ উৎসব পালন করা হবে।

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও উৎসবে যোগ দিতে কলকাতায় আসতে পারেন বলে সূত্রের খবর। যদিও এবিষয়ে কোনও সরকারি তরফে ঘোষণা করা হয়নি। কলকাতার রেড রোডে অনুষ্ঠিত হবে এই মূল যোগ দিবসের অনুষ্ঠান। ইতিমধ্যেই জোরকদমে অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

    প্রথমে ব্রিগেড না রেড রোডে এই অনুষ্ঠান হবে, তা নিয়ে আলোচনা থাকলেও সম্ভাব্য বৃষ্টির কথা মাথায় রেখে শেষ পর্যন্ত রেড রোডকেই বেছে নেওয়া হয়েছে। শনিবার স্বাস্থ্যভবনে আয়োজিত বৈঠকে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, সচিব সারোদ দিবেদী, ডিজি আয়ুষ দিব্যা লোগানাথন ও আয়ুর্বেদ অধিকর্তা দেবাশিস ঘোষ অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

    জানা গিয়েছে, প্রায় ৩০ হাজার মানুষ প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাভ্যাসে অংশ নেবেন। যোগ প্রশিক্ষকদের বাছাই প্রক্রিয়াও শুরু হয়েছে। প্রথম দফায় বাছাই প্রক্রিয়া শেষ হয়েছে। দ্বিতীয় দফায় বাছাই প্রক্রিয়া হতে চলেছে রবিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েটিতে। যোগ উৎসবের একাধিক পরিকল্পনার মধ্যে থাকছে ১৯ জুন ‘দৌড় সে ধ্যান তক’ কর্মসূচি।

    এর মাধ্যমে রাজ্যজুড়ে ‘রান ফর যোগা’ আয়োজন করা হবে। আবার ২০ জুন গঙ্গাবক্ষে ৫০০-রও বেশি নৌকার উপরে যোগ কার্নিভালের আয়োজন করা হয়েছে, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিতে পারে বলে আশা করা হচ্ছে। এরই সঙ্গে গঙ্গার পারগুলোতে অনুষ্ঠিত হবে কার্নিভাল।

    ড্রোন শোয়ের পাশাপাশি হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপরে ২১ জুন ভোর ৫টা থেকে রেড রোডে অংশগ্রহণকারীদের রিপোর্টিং শুরু হবে। উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নিজে। সকাল ৬টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীর ভাষণের পর আয়ুষ মন্ত্রকের নির্দেশিকা মেনে ৪৫ মিনিটের যোগাভ্যাস অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে।

    এছাড়া যোগসঙ্গম পোর্টালের মাধ্যমে গিনেস বুকে নাম তোলার বিশেষ উদ্যোগও নেওয়া হয়েছে। অংশগ্রহণকারীদের জন্য টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে। মিসড কল দিতে হবে ১৮০০ ৩১৫  ৭০০৮ নম্বরে। এরপর সফল অংশগ্রহণকারীদের সার্টিফিকেটও দেওয়া হবে।

    আন্তর্জাতিক যোগ দিবসকে স্মরণীয় করে তুলতে রাজ্যজুড়ে চলছে জোর প্রস্তুতি। ইতিমধ্যেই রাজ্যে স্কুল, কলেজ-সহ সরকারি প্রতিষ্ঠানগুলিকে এই যোগসঙ্গমে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)