• ক্যান্সার আক্রান্তকে ওধুধের বদলে ফর্মালিন, AIIMS-এ ভয়ঙ্কর গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ
    এই সময় | ১৪ জুন ২০২৬
  • মধ্যপ্রদেশের ভোপালের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS)-এ চাঞ্চল্যকর ঘটনা। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলল এক শিশুর পরিবার। ওই শিশুকে ওষুধের পরিবর্তে ইনজেকশনের মাধ্যমে ফর্মালিন দেওয়া হয়েছে বলে অভিযোগ। পরে ওই শিশুর মৃত্যু হয়। মৃত শিশুর নাম সার্থক যাদব (৩)। হাসপাতালের অভ্যন্তরীণ তদন্তে গুরুতর গাফিলতির প্রমাণ মেলার পরে দুই নার্সিং আধিকারিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

    মধ্যপ্রদেশের সাগর জেলার বাসিন্দা সার্থক লিউকেমিয়ায় (ব্লাড ক্যান্সার) আক্রান্ত ছিল। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ২০২৫ সালের ১৫ ডিসেম্বর তাকে এআইআইএমএস ভোপালের শিশু বিভাগে ভর্তি করা হয়। হাসপাতাপের অভ্যন্তরীণ তদন্তে জানা গিয়েছে, শিশুটির আইভি (IV) লাইন ব্লক হয়ে গেলে কর্তব্যরত এক নার্স ওষুধ ভেবে একটি সিরিঞ্জ ব্যবহার করেন।

    অভিযোগ, সেই সিরিঞ্জে ছিল ফর্মালিন। যা সাধারণত প্যাথলজি বিভাগে টিস্যু, বায়োপসি নমুনা এবং মৃতদেহ সংরক্ষণের কাজে ব্যবহৃত হয় এবং একটি বিষাক্ত রাসায়নিক। ফর্মালিন শরীরে প্রবেশ করার কিছুক্ষণের মধ্যেই শিশুটি অচেতন হয়ে পড়ে। পরে তাকে পেডিয়াট্রিক আইসিইউ-তে নিয়ে গিয়ে সিপিআর-সহ জরুরি চিকিৎসা করা হলেও বাঁচানো যায়নি।

    তদন্তে আরও জানা গিয়েছে, বায়োপসি প্রক্রিয়ার জন্য আনা ফর্মালিন ভর্তি সিরিঞ্জটি কাজ স্থগিত হওয়ার পরে নিরাপদে সংরক্ষণ বা নষ্ট করে দেওয়া হয়নি। সেটি রোগীর শয্যার পাশেই ফেলে রাখা হয়েছিল। তদন্তের ভিত্তিতে দুই নার্সিং আধিকারিকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছে ভোপালের বাগসেওনিয়া থানার পুলিশ। হাসপাতাল কর্তৃপক্ষও তাঁদের সাময়িক বরখাস্ত করেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের খোঁজ চলছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত অব্যাহত রয়েছে।

  • Link to this news (এই সময়)