• উধাও অশোকচক্র, ডিএমের অফিসে হাঙ্গেরির পতাকা?
    এই সময় | ১৪ জুন ২০২৬
  • এই সময়, বালুরঘাট: দক্ষিণ দিনাজপুরের জেলাশাসকের কার্যালয়ে ভারতের জাতীয় পতাকার বদলে উড়ছে হাঙ্গেরির ন্যাশানাল ফ্ল্যাগ! শনিবার সকালে এমন ঘটনার কথা চাউর হতেই মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়ায় বালুরঘাটে। অভিযোগ, ডিএম অফিসের ছাদে যে পতাকাটি উড়ছিল, তাতে অশোকচক্রটি ছিল না। ফলে সেটিকে অনেকেই হাঙ্গেরির পতাকা বলে মনে করেন।

    যদিও পরে সেই পতাকা সেখান থেকে নামিয়ে দেওয়া হয়। কিন্তু প্রশ্ন উঠেছে প্রশাসনের দায়িত্ববোধ নিয়ে। স্থানীয় সূত্রে খবর, প্রতিদিনের মতো এ দিন সকালেও জেলাশাসকের কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়। কিছুক্ষণের মধ্যে কয়েক জন বাসিন্দার নজরে আসে, পতাকাটিতে অশোকচক্র নেই! মাঝের অংশটি পুরোটাই সাদা! খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পৌঁছে যায় জেলা প্রশাসনের শীর্ষ মহলেও। তার পরেই নড়েচড়ে বসে প্রশাসন। তড়িঘড়ি কার্যালয়ে পৌঁছন জেলাশাসক বালা সুব্রহ্মণ্যম টি। তাঁর উপস্থিতিতেই নামানো হয় 'ভুল' পতাকা।

    এরপরে উত্তোলন করা হয় অশোকচক্র সম্বলিত ভারতের জাতীয় পতাকা। স্থানীয়দের বক্তব্য, জাতীয় পতাকার ক্ষেত্রে এমন গাফিলতি কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। বালুরঘাটের বাসিন্দা, পেশায় শিক্ষক শুভজিৎ সরকার বলেন, 'খোদ জেলাশাসকের কার্যালয়ে অশোকচক্রহীন পতাকা ওড়ার ঘটনা অত্যন্ত লজ্জাজনক এবং দুর্ভাগ্যজনক। ঘটনার তদন্ত হওয়া উচিত।' বিষয়টি নিয়ে জেলাশাসকের বক্তব্য, 'যে সংস্থা পতাকাটি দিয়েছিল, তাদের শো-কজ় করা হয়েছে। কী কারণে এমন ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

  • Link to this news (এই সময়)