এই সময়, কোচবিহার: কোচবিহার জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি অভিজিৎ দে ভৌমিক (হিপ্পি) এবং তাঁর মামাতো ভাই সম্রাট কুণ্ডুর বাড়িতে তল্লাশি চালাল পুলিশ। শনিবার দুপুরে পুন্ডিবাড়ি থানার পুলিশের একটি টিম ও কেন্দ্রীয় বাহিনী তল্লাশি চালায়। তবে দু'জনের কেউ-ই সেই সময়ে বাড়িতে ছিলেন না। জেলা পুলিশের পক্ষ থেকে এ নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।
সূত্রের খবর, ৫ অগস্ট কোচবিহারের খাগড়াবাড়িতে রাজ্য বিধানসভার তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনা ঘটে। সেই ঘটনায় ৪১ জনের নামে অভিযোগ দায়ের হয়েছিল। তাতে নাম ছিল হিপ্পির। তবে তাঁর ভাই সম্রাটের বাড়িতে কী কারণে পুলিশ তল্লাশি চালিয়েছে, তা পরিষ্কার নয়। হিপ্পির দাদা সুজিত দে ভৌমিক বলেন, 'পুলিশ হিপ্পির খোঁজ করছিল। বিভিন্ন ঘরে তল্লাশির পরে তাঁরা চলে গিয়েছে।' সম্রাটের মা অনিমা বলেন, 'পুলিশ এসে সম্রাটকে খুঁজছিল। ছেলে যে রাজনীতি করে না সেটা কোচবিহারের মানুষ জানেন। ঘরবাড়ি ঘুরে দেখার পরে পুলিশ চলে গিয়েছে।'
এই ঘটনা চাউর হতেই একেবারে শোরগোল পড়ে গিয়েছে কোচবিহারে। তৃণমূলের বর্ষীয়ান নেতা আব্দুল জলিল আহমেদ বলেন, 'ওদের নামে কী মামলা রয়েছে সে বিষয়ে জানা নেই।' বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মন বলেন, 'পুলিশ আইন অনুযায়ী কাজ করেছে। তবে এই সমস্ত তৃণমূল নেতারা অনেক দুর্নীতি করেছেন। কেউ হয়তো অভিযোগ করেছেন। তাই বাড়িতে পুলিশ গিয়েছিল।' শুভেন্দুর কনভয়ে হামলার ঘটনায় কোচবিহার-২ ব্লক তৃণমূল সভাপতি শুভঙ্কর দে-সহ একাধিক নেতা গ্রেপ্তার হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের জামিন হয়েছে। প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহর নামও রয়েছে ওই তালিকায়।