ক্রেতার বেশে রেইকি করে ছাগল চুরি, পাড়ায় হাতেনাতে ধরা পড়ল 'কুখ্যাত' যুবক
News18 বাংলা | ১৪ জুন ২০২৬
ক্রেতার বেশে রেইকি? কিনতে আসা তো ছিল অজুহাত, ভোর হতেই ফাঁস হল অন্য রহস্য। ছাগল কিনতে এসে দরদাম করে সুযোগ বুঝে ছাগল চুরি করে পগারপারের প্ল্যান ছিল ছাগল চোর যুবকের। তবে হাতেনাতে পাকড়াও হল যুবক। ঘটনায় শোরগোল জলপাইগুড়িতে। ছাগল কিনতে এসেছিল, নাকি আগে থেকেই ছিল নজর? প্রশ্নটা এখন ঘুরপাক খাচ্ছে জলপাইগুড়ি শহরের হাসপাতাল পাড়া জুড়ে।
জানা গিয়েছে, এক যুবক ব্যবসায়ীর বেশে পড়শির বাড়িতে ছাগল দেখতে গিয়ে দামদরও করেন। কিন্তু কেনা আর হয়নি। তার আগেই ভোরের অন্ধকারে উধাও হয়ে যায় তিনটি ছাগল। আর কয়েক ঘণ্টার মধ্যেই নাটকীয় মোড়, অভিযুক্ত ধরা পড়ে ‘হাতেনাতে’! এদিন সকালে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয়দের অভিযোগ, দাসপাড়ার বাসিন্দা চেঙ্গু নামে পরিচিত ওই যুবক দীর্ঘদিন ধরেই ছাগল চুরির সঙ্গে যুক্ত। শনিবার সে এক পড়শির বাড়িতে গিয়ে ছাগল কেনার কথা বলে খোঁজখবর নেয়। রবিবার ভোরে মালিক ঘুম থেকে উঠে দেখেন, ঘরের তিনটি ছাগলই নিখোঁজ। এরপর শুরু হয় তল্লাশি। সূত্র ধরে দু’নম্বর রেলগুমটি সংলগ্ন বস্তি এলাকায় অভিযুক্তের খোঁজ মেলে। স্থানীয়রা গোপনে নজরদারি চালাতে থাকেন।
অভিযোগ, কিছুক্ষণের মধ্যেই হাসপাতাল পাড়ার এক জায়গায় চেঙ্গুকে ছাগলের মাংস বিক্রির প্রস্তুতি নিতে দেখা যায়। ক্ষুব্ধ এলাকাবাসী তার বাড়িতে তল্লাশি চালিয়ে রক্তের দাগ, চামড়া ও নাড়িভুঁড়ি উদ্ধার করেন বলে দাবি। এরপরই জনতার রোষের মুখে পড়ে অভিযুক্ত যুবক। এদিকে শেষ পাওয়া খবর পর্যন্ত ছাগলের মালিকের অভিযোগ, বারবার ফোন করেও প্রথমে পুলিশের সাড়া মেলেনি। ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। যদিও এই বিষয়ে পুলিশের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।