নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে গভীর সমুদ্রে মাছ শিকার, ব্যান পিরিয়ডের চলছিল অবৈধ কারবার
News18 বাংলা | ১৪ জুন ২০২৬
নিষেধাজ্ঞা ওঠার আগেই সমুদ্রে থেকে মাছ আনার অভিযোগ উঠল নামখানায়। প্রায় ১১৫০ কেজি মাছ সময়ের আগে আনার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় ট্রলারটিকে আটক করা হয়। সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে এবং সাধারণ মৎস্যজীবীদের চোখে ধুলো দিয়ে ব্যান পিরিয়ডের মধ্যেই এই কাজ করেছে অসাধু ব্যবসায়ীরা। জানা গিয়েছে সামুদ্রিক মাছ বোঝাই ট্রলারটিকে প্রথমে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয় মৎস্যজীবীরা।
মাছেদের প্রজননের জন্য গত দু’মাস ধরে সমুদ্রে মাছ ধরার ওপর কড়া সরকারি নিষেধাজ্ঞা জারি রয়েছে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী বাড়তি মুনাফার লোভে গোপনে সমুদ্রে ট্রলার নামাচ্ছিল বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল। এরপর নামখানার হরিপুর ঘাটের কাছে কাকদ্বীপ এলাকার ‘এফবি পারমিতা’ নামের একটি ট্রলারকে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখেন স্থানীয় মৎস্যজীবীরা। ট্রলারে থাকা কর্মীদের জিজ্ঞাসাবাদ করতেই তাঁদের কথায় অসঙ্গতি মেলে। এরপরই গ্রামবাসীরা ট্রলারের কোল্ড স্টোরেজে তল্লাশি চালাতেই চোখ কপালে ওঠে সবার।