আজকাল ওয়েবডেস্কঃ বাংলার ঐতিহ্যের সঙ্গে যুক্ত কলকাতার হারিয়ে যেতে বসা ট্রাম পরিষেবা পুনরুজ্জীবনের পথে হাঁটতে চলেছে রাজ্য সরকার। পাশাপাশি ব্যারাকপুর শিল্পাঞ্চলে যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত রাজ্যের নবনির্বাচিত পরিবহন মন্ত্রীর। ব্যারাকপুর শিল্পাঞ্চল ও সংলগ্ন এলাকার যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতে তিনটি নতুন বাস রুট চালুর পরিকল্পনার কথা ঘোষণা করলেন রাজ্যের পরিবহণ ও শ্রমমন্ত্রী অর্জুন সিং।
ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, যাত্রীদের দীর্ঘদিনের দাবির কথা মাথায় রেখে শীঘ্রই কাঁচরাপাড়া-ব্যারাকপুর, ব্যারাকপুর-ধর্মতলা এবং কল্যাণীর এইমস থেকে ব্যারাকপুর পর্যন্ত সরকারি বাস পরিষেবা চালু করা হবে।
মন্ত্রী জানান, নতুন রুটগুলিতে প্রতিটি ক্ষেত্রে অন্তত ২৫টি করে বাস চালানোর পরিকল্পনা রয়েছে। কল্যাণী এক্সপ্রেসওয়ে ব্যবহার করে এই পরিষেবা পরিচালনার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি কল্যাণীর এইমস থেকে মুড়াগাছা পর্যন্ত বাস পরিষেবা চালুর চেষ্টাও চলছে বলে তিনি জানান।
অর্জুন সিংয়ের বক্তব্য, "রাজ্যে বর্তমানে সরকারি বাসের সংখ্যা প্রয়োজনের তুলনায় কম। তাই সরকারি বাস পরিষেবা বৃদ্ধি করাই আমার অন্যতম অগ্রাধিকার। বিশেষ করে কল্যাণী রোডের বিস্তীর্ণ এলাকায় পর্যাপ্ত বাস পরিষেবা না থাকায় যাত্রীদের দীর্ঘদিন ধরে সমস্যার মুখে পড়তে হচ্ছে। সেই সমস্যার সমাধানেই নতুন রুট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।"
এদিন তিনি কাঁচরাপাড়া-বিজপুর থেকে ব্যারাকপুর কোর্ট পর্যন্ত পুরনো ৮৫ নম্বর বাস রুট পুনরুজ্জীবনের বিষয়েও ইতিবাচক ইঙ্গিত দেন। মন্ত্রীর দাবি, অতীতে এই রুট বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষ সমস্যায় পড়েছিলেন। ইতিমধ্যেই ওই রুটের বাস মালিকদের সঙ্গে আলোচনা হয়েছে এবং দ্রুত পরিষেবা ফের চালুর বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে।
সাংবাদিক সম্মেলনে অর্জুন সিং আরও বলেন, "বর্তমানে যে সংখ্যক বাস রয়েছে, সেগুলিকে সঠিকভাবে পরিচালনা করা গেলে নতুন বাস কেনার প্রয়োজন নাও হতে পারে। তবে পরিকাঠামোগত ঘাটতিই পরিবহণ ব্যবস্থার অন্যতম প্রধান সমস্যা বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি রাজ্যজুড়ে আরও বাস পরিষেবা চালু, বৈদ্যুতিক বাসের সংখ্যা বৃদ্ধি এবং ট্রাম পরিষেবাকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনার কথাও জানান তিনি।
এদিনের সাংবাদিক সম্মেলনের মূল বিষয় ছিল কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র নেতৃত্বাধীন সরকারের ১২ বছরের কর্মকাণ্ড ও সাফল্যের খতিয়ান তুলে ধরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক লকেট চ্যাটার্জি, ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচী, জগদ্দলের বিধায়ক রাজেশ কুমার এবং ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপস রায়।
সাংবাদিকদের বিভিন্ন রাজনৈতিক প্রশ্নের জবাবে অর্জুন সিং কেন্দ্রীয় সরকারের কাজের প্রশংসা করেন এবং রাজ্যের প্রাক্তন শাসক দল তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেন। একইসঙ্গে তিনি দাবি করেন, উন্নত গণপরিবহণ ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ ও স্বচ্ছন্দ করে তোলাই তাঁর দফতরের অন্যতম লক্ষ্য।