• '২০ বলেছিলাম, আসলে ২২', তৃণমূলকে আরও বড় আঘাত কাকলির
    আজকাল | ১৪ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: সোমে লোকসভার অধ্যক্ষের কাছে চিথি জমা দেওয়ার কথা। তার আগে, রবিবারই দিল্লিতে বৈঠকে বসছেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। এতদিন জানা গিয়েছিল, বিক্ষুব্ধ সাংসদদের সংখ্যা ২০। তবে রবিবার বিমানবন্দরে যাওয়ার আগে, কাকলি ঘোষ দস্তিদার যে সংখ্যার উল্লেখ করলেন, তাতে চমক রীতিমতো। তিনি জানান, পশ্চিমবঙ্গের পরিস্থিতি যে জায়গায় গিয়েছিল, যাঁরা তার বিরুদ্ধে মত দিয়েছিলেন, কথা বার্তা হয়েছিল তাঁদের সঙ্গে। একইসঙ্গে তিনি জানিয়ে দেন, বিদ্রোহী সাংসদদের সংখ্যা তিনি ২০ বলেছিলেন, আসলে সেটা আরও, এক দু'জন বেড়ে হওয়ার কথা ২২। ইতিমধ্যেই, প্রায় শেষ মুহূর্তে চমক দিয়ে বিদ্রোহী গোষ্ঠীতে ঢুকে পড়েছেন বর্ষীয়ান সংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনিই বিক্ষুব্ধ গোষ্ঠীর দলনেতা, কাকলি ঘোষ দস্তিদার মুখ্যসচেতক হতে চলেছেন, তথ্য তেমনটাই।

    ইতিমধ্যেই কাকলি কলকাতা ছেড়েছেন, কলকাতা ছেড়েছেন দেব, মালা রায়ও। এক এক করে বিক্ষুব্ধ সাংসদরা, কলকাতা ছেড়ে রওনা দিচ্ছেন দিল্লির পথে।

    সংসদে মমতাকে চাপে ফেলছেন মা। নোটিশ পাঠাচ্ছেন ছেলেও। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিশ পাঠালেন সাংসদ পুত্র! তৃণমূল কংগ্রেসের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার-এর ছেলে চিকিৎসক ডা. বৈদ্যনাথ ঘোষ দস্তিদার এবার তৃণমূল সুপ্রিমো ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি-সহ দলের একাধিক শীর্ষ নেতার বিরুদ্ধে এই আইনি নোটিশ পাঠিয়েছেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। 

    জানা গিয়েছে, পাঠানো আইনি নোটিশে মমতা ব্যানার্জির পাশাপাশি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, সাংসদ কল্যাণ ব্যানার্জি, সাংসদ সৌগত রায় এবং প্রাক্তন বিধায়ক সোনালী গুহ-এর নামও উল্লেখ করা হয়েছে। নোটিশে দাবি করা হয়েছে, ডা. বৈদ্যনাথ ঘোষ দস্তিদার সম্পর্কে বিভিন্ন সময় জনসমক্ষে এবং সংবাদমাধ্যমে এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করা হয়েছে যে, তিনি বারাসত বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিট চেয়েছিলেন এবং তা না পাওয়ার কারণেই তাঁর মা রাজনৈতিকভাবে ভিন্ন অবস্থান নিয়েছেন। 
  • Link to this news (আজকাল)