• গঙ্গার বুকে যোগ, এক নতুন কার্নিভাল
    দৈনিক স্টেটসম্যান | ১৪ জুন ২০২৬
  • পালাবদলের আঁচ এবারে কলকাতার গঙ্গাতেও। ২১ জুন হবে কলকাতার রেড রোডে উদযাপন করা আন্তর্জাতিক যোগ দিবস। সেখানে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু তার আগের দিন অর্থাৎ ২০ জুন সকালে পশ্চিমবঙ্গ দিবসে হবে গঙ্গাবক্ষে যোগাভ্যাসের মেগা কার্নিভাল। ৫০০ নৌকায় হবে যোগাভ্যাস। আর তা জায়গা করে নেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে। জানা গিয়েছে এমনটাই।

    জানা গিয়েছে, মিলেনিয়াম পার্ক, বেলুড়-দক্ষিণেশ্বর, বাবুঘাট, প্রিন্সেপ ঘাটে হবে এই কার্নিভাল। পাশাপাশি জানা যাচ্ছে সেখানে বিকেলে ড্রোন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান হতে পারে। হাওড়া ব্রিজ থেকে বিদ্যাসাগর সেতু ও মাঝের বাড়িগুলিকে সাজিয়ে তোলা হবে আলো দিয়ে। কার্যত নতুন রূপে সেজে উঠবে কলকাতা।

    আধ্যত্মিকতা, ধ্যান, যোগ-প্রাণায়ামের কথা এলেই সবার প্রথমে আসে পশ্চিমবঙ্গের কথা। কারণ পশ্চিমবঙ্গই গোটা বিশ্বকে পথ দেখিয়েছে। রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ ছাড়াও এই বাংলাতে জন্ম নিয়েছিলেন যোগিরাজ শ্যামাচরণ লাহিড়ী, স্বামী যুক্তেশ্বর গিরি, স্বামী যোগানন্দের মত ক্রিয়াযোগীরা। পরবর্তীতে নীলমণি দাস, মনোহর আইচ, মনোহর রায়ের মত মানুষ প্রাণায়াম ও ব্যায়ামের মেলবন্ধন ঘটিয়ে বাঙালিদের বিশ্বমঞ্চে নিয়ে গিয়েছিলেন। তারপরেও যোগজগতে ক্রমেই পিছিয়ে পড়ছিল বাংলা। আর হারিয়ে যাওয়া সেই গৌরব ফিরিয়ে আনতেই রেড রোডে স্বপ্নের দৌড় শুরু করবে বাংলা যোগ।

    তার আগেই গঙ্গাতে হবে ভাসমান যোগাভ্যাস। তৈরি হবে নতুন ইতিহাস। নদীমাতৃক বাংলার সংস্কৃতি ঐতিহ্যের মোহনা হয়ে উঠবে এই মেগা কার্ণিভাল। গঙ্গার দুই পাড়় অর্থাৎ মিলেনিয়াম পার্ক, বেলুড়, দক্ষিণেশ্বর ও বাবুঘাট হয়ে উঠবে এই উৎসব দেখার মঞ্চ। শুক্রবারে একপ্রস্থ রেকি করা হয়ে গিয়েছে। নৌসেনা, কলকাতা বন্দরকে ইতিমধ্যেই নৌকা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পাশাপাশি রাজ্য সরকারের তরফে থাকবে নিজস্ব নৌকাও। এই ইভেন্টের নোডাল অফিসার করা হয়েছে ডিজি আয়ূষ দিব্যা লোগনাথনকে।

    আগামীকাল, সোমবার পর্যটন দফতর হাওড়া ফেরিঘাটে বিশেষ যোগ অনুশীলনের অনুষ্ঠান করবে। অনুষ্ঠান করা হবে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনেও। উপস্থিত থাকবেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের প্রতিনিধিরাও। কেন্দ্রীয় আয়ূষ মন্ত্রক ও রাজ্য প্রশাসনের যৌথ উদ্যোগে এই যোগ কার্নিভাল হয়ে উঠবে ভারতের নয়া ঐতিহ্যের মাইলফলক। আর সেখানে থাকবে কড়া প্রহরা। আশা করা হচ্ছে এই নতুন ইতিহাস দেখার জন্য ঢল নামবে দর্শকদের। তাদের জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানা গিয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)