• ধোঁয়া ওঠা ম্যাগিতে লুকিয়ে বিষ, কিলবিল করছে পোকা! বিপাকে নেসলে, কী সাফাই সংস্থার?
    প্রতিদিন | ১৪ জুন ২০২৬
  • আট থেকে আশি। চটজলদি তৈরি হয়ে যাওয়া ম্যাগির গুণগ্রাহী প্রচুর। সেই প্রবল জনপ্রিয় ম্যাগি নিয়ে ফের দানা বাঁধল বড়সড় বিতর্ক। সোশাল মিডিয়ায় আচমকা খবর ছড়ায়, ম্যাগির প্যাকেটে পোকা মিলেছে। অভিযোগ ওঠে, FSSAI-এর নিয়মাবলি মানা হচ্ছে না ম্যাগি তৈরির ক্ষেত্রে। সোশাল মিডিয়ায় হুহু করে ভাইরাল হয়ে যায় এই পোস্ট। উল্লেখ্য, ২০১৫ সালেও ম্যাগিতে অতিমাত্রায় সীসা রয়েছে বলে অভিযোগ উঠেছিল।

    সোশাল মিডিয়ার একটি অ্যাকাউন্ট থেকে ম্যাগি নিয়ে বিতর্কিত পোস্ট করা হয়। ওই অ্যাকাউন্টের বলা হয়, নুডলসের প্যাকেটে পোকা রয়েছে। খাবারের গুণগত মান এবং সুরক্ষানীতিও মানা হচ্ছে না ম্যাগি উৎপাদনের ক্ষেত্রে। এই অভিযোগ উঠতেই ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)থেকে নোটিস পাঠানো হয় ম্যাগির প্রস্তুতকারক সংস্থা নেসলে’কে। ম্যাগিকে ঘিরে যেসমস্ত অভিযোগ উঠেছে সেগুলির জবাব তলব করা হয় ওই নোটিসে।

    গোটা ঘটনাবলির জেরে শেয়ার বাজারে বড়সড় ক্ষতি হয় নেসলের। সংস্থার প্রায় ৩ শতাংশ শেয়ার পড়ে যায়। গোটা বিষয়টি নিয়ে নোটিস পাঠায় স্টক এক্সচেঞ্জও। তবে নেসলে জানিয়েছে, সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া অভিযোগ একেবারে ভিত্তিহীন। সমস্ত অভিযোগ খণ্ডন করে সোশাল মিডিয়ায় বিবৃতি দিয়েছে নেসলে। সংস্থার কথায়, খাবারে পোকা থাকার অভিযোগ উড়িয়ে দেওয়া হচ্ছে। যে সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে অভিযোগ আনা হয়েছিল, সেই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। ফলে যে ম্যাগি নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন সেটা পরীক্ষা করাও কঠিন।

    তবে ম্যাগির একাধিক নমুনা পরীক্ষা করে দেখা হয়েছে বলে জানিয়েছে নেসলে। সেই সঙ্গে মনে করিয়ে দিয়েছে, খাবারের গুণমানের সঙ্গে তারা আপস করে না। পরীক্ষার রিপোর্ট FSSAI-কে পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছে ম্যাগি প্রস্তুতকারী সংস্থা। নির্বিঘ্নে ম্যাগি খান আমজনতা, এমন আশ্বাসও দিয়েছে নেসলে। যদিও সোশাল মিডিয়ায় এখনও ম্যাগি নিয়ে চলছে বিতর্ক। সত্যিই কি ম্যাগি খাওয়া আমজনতার জন্য নিরাপদ? 
  • Link to this news (প্রতিদিন)