শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় অন্যতম গুরুত্বপূর্ণ মুখ তিনি। রাজ্যের পরিষদীয় ও পর্যটনমন্ত্রী শংকর ঘোষ। এবার তাঁকেই প্রাতঃরাশ করতে দেখা গেল রাস্তার ধারের একটি ছোট্ট অস্থায়ী দোকান থেকে। রাস্তার ধারের বেঞ্চে বসেই তিনি তৃপ্তিতে মুড়ি-ঘুগনি, ডিম সিদ্ধ খেলেন। নিঃসঙ্কোচে বলে ফেলেন, “খিদে পেয়ে গিয়েছিল।” শিলিগুড়ি শহরে এই ঘটনা আজ, রবিবার সকালে দেখা গিয়েছে। এক কর্মসূচি সেরে অন্য কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় রাস্তার ধারের দোকান থেকে খেয়ে নিতে দেখা গেল রাজ্যের মন্ত্রীকে। এই ঘটনা রীতিমতো সাড়া ফেলে দিয়েছে শহরে।
শংকর বরাবরই সাধারণ জীবন যাপনে বিশ্বাসী বলেই খবর। মাটির কাছাকাছি থেকে মানুষের সঙ্গে জনসংযোগ করাতেই তিনি স্বচ্ছন্দ। শিলিগুড়ি এলাকার মানুষরা তাঁকে বরাবরই পথে নেমে আন্দোলন করতে দেখেছেন। এবারের নির্বাচনের সময়ও এলাকা ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ, সম্পর্ক স্থাপন করেছেন তিনি। ভোটে জিতে রাজ্যের মন্ত্রী হওয়ার পরেও সেই যোগাযোগে ছেদ পড়েনি বলেই খবর। সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগেই বিশ্বাসী তিনি। সেই জায়গা থেকেই রাস্তার ধারের একটি ছোট্ট দোকান থেকে বেঞ্চে বসে প্রাতঃরাশ সেরেছেন তিনি। মুড়ি-ঘুগনি আর সিদ্ধ ডিম খেয়েছেন তিনি। মন্ত্রীকে এভাবে রাস্তার ধারের বেঞ্চে বসে খেতে দেখে অনেকেই হতবাক হয়েছেন। কেউ কেউ আবার কুশল বিনিময় করেছেন। মন্ত্রীও তাঁদের সঙ্গে কথা বলেছেন হাসিমুখেই।
এদিন শিলিগুড়িতে জনতার দরবার কর্মসূচি বসেছিল। সেখানে শহর ছাড়াও উত্তরবঙ্গের একাধিক এলাকা থেকে সাধারণ মানুষ উপস্থিত হয়েছিলেন। মানুষজন তাঁদের অভাব-অভিযোগ, সমস্যার কথা জানান। গুরুত্ব দিয়ে অভিযোগ শুনেছেন মন্ত্রী।