‘কেউ গুন্ডাগিরি করলে হোয়াটসঅ্যাপে জানান’, ফের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
প্রতিদিন | ১৪ জুন ২০২৬
গুন্ডারাজ নিয়ে ফের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলায় গুন্ডাগিরি শেষ সেকথা বুঝিয়ে দিয়ে শুভেন্দু বললেন, “কেউ গুন্ডাগিরি করলে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে পাঠিয়ে দেবেন নিচে নাম আর মোবাইল নম্বর লিখে।” শুধু তাই নয়, পার্টির নেতার নাম করে বা জনপ্রতিনিধিদের নাম যদি অন্যায়ভাবে কেউ ব্যবহার করে তাহলেও তাঁকে জানাতে বললেন শুভেন্দু। তাঁর সাফ কথা, সরকার বদলানো ঝান্ডার পরিবর্তন নয়, একটা ব্যবস্থার পরিবর্তন।
শনিবার দক্ষিণ কলকাতায় বেঙ্গল বিকাশ ফোরামের উদ্যোগে আয়োজিত ‘অভিনন্দন আপনো কা’ অনুষ্ঠানে সংবর্ধিত করা হয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। উপস্থিত ছিলেন রাজস্থানের প্রাক্তন বিরোধী দলনেতা রাজেন্দ্র সিং রাঠোর ছাড়াও সাওয়ার ধনানিয়া, শিশির বাজোরিয়া, আজমেঢ়ের প্রাক্তন মেয়র নীরজ জৈন, প্রকাশ প্যাটেল প্রমুখ। অনুষ্ঠানে শিল্পপতিরা-সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা ছিলেন। ভাষণের শুরুতেই শুভেন্দু বলেন, আপনারা আমায় বড় দায়িত্ব দিয়েছেন। সেটা পালন করতে হবে। বাংলাকে খাড়া করতে হবে। বাংলার অর্থনীতিকে মজবুত করতে হবে, বিনিয়োগ আনতে হবে। এই সরকার শিল্পবান্ধব, স্বচ্ছ জমিনীতি হবে এবং আইনশৃঙ্খলা ব্যবস্থা ঠিক থাকবে। আগের তৃণমূল সরকারকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, এত অহংকার, এত অত্যাচার, পুলিশ গুন্ডাকে দিয়ে রাজ্যকে বরবাদ করেছে তৃণমূল। দুর্নীতিগ্রস্ত এই শক্তিকে উপড়ে ফেলে দিয়েছে বাংলার মানুষ। ওদের পার্টিও বরবাদ হয়ে গিয়েছে।
মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, “অবৈধ অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে দরজা দেখানোর কাজ শুরু করেছি। ৫ হাজার লোককে ভাগিয়েছি। ১২টা হোল্ডিং সেন্টার শুরু করেছি। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মৌসম বদলেছে, মহল বদলাচ্ছে বলে দাবি করে শুভেন্দু বলেন, “তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেটরাজ আছে? পুলিশের টোন বদলেছে কি বদলায়নি? গুন্ডারা মাফ চাইছে জনতার কাছে।” কলকাতা ও বিধাননগরের মেয়র পালিয়ে গিয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, তিনজলা-কসবায় বিনা প্ল্যানে বাড়ি। পহেলে ঝাঁকি হ্যায়, আভি বহুত কুছ বাকি হ্যায়।