নুড়ি পাথরে জগন্নাথ-বলরাম-সুভদ্রা, সেফটি পিন দিয়ে বাঁকুড়ার গৃহবধূর অপূর্ব সৃষ্টি
News18 বাংলা | ১৪ জুন ২০২৬
একটি ছোট নুড়ি পাথর দিয়ে কি হয়? বাঁকুড়ার গৃহবধূ নুড়ি পাথরের মধ্যে ভক্তির নিদর্শন তুলে ধরলেন। একটি ছোট সাদা নুড়ি পাথর। তার উপরে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা। জগন্নাথ প্রেমে মশগুল বাঁকুড়ার কেন্দুয়াডিহির বাসিন্দা অর্পিতা সরকার রথযাত্রার আগে তৈরি করলেন জগন্নাথ দেবের প্রতিকৃতি। যার দৈর্ঘ্য ৩.৫ সেন্টিমিটার। সেফটি পিন দিয়ে রং করে সাদা নুড়ি পাথরের উপর চমৎকার শিল্পকলা।
এর আগে বহু মাইক্রো আর্ট করেছেন এই গৃহবধূ। যার মধ্যে অন্যতম হল পেরেকের মাথায় মা দুর্গা। চালের ওপর বিশ্বকাপের ট্রফি থেকে শুরু করে টেরাকোটার মা দুর্গা। নিজের সংসার সামলে অবসর সময়ে এমন কাজ করতে ভালবাসেন তিনি। সেই কারণে রথযাত্রার আগে জগন্নাথ দেবের প্রতি ভক্তি এবং শ্রদ্ধা জানাতে নুড়ি পাথরের উপর রং দিয়ে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা, তৈরি হল বাঁকুড়ায় এক গৃহবধূর হাতে।
গৃহবধূ অর্পিতা সরকার জানান,”ছোট থেকে ইচ্ছা ছিল শিল্প নিয়ে কিছু করার। ঘটনাচক্রে সেটা হয়ে ওঠেনি। তবে শিল্পচর্চা ছাড়িনি। এখনও কিছু না কিছু করে যাই। যেকোনো বড় পুজোর আগে বা অনুষ্ঠানের আগে ছোট করে কিছু করার চেষ্টা করি, সেই কারণেই আসন্ন রথযাত্রার আগে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা বানিয়েছি।” বাঁকুড়ার কেন্দুয়াডিহির এই গৃহবধূর নিখুঁত শিল্পকর্ম ইতিমধ্যেই এলাকায় প্রশংসা কুড়িয়েছে।
আসন্ন রথযাত্রা সামনে রেখে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার এমন ক্ষুদ্র প্রতিকৃতি শুধু তাঁর সৃজনশীলতার পরিচয়ই নয়, বরং দেখিয়ে দেয় নিষ্ঠা, ধৈর্য এবং ভক্তিভাব একসঙ্গে মিশে গেলে সাধারণ একটি নুড়ি পাথরও হয়ে উঠতে পারে অসাধারণ শিল্পের ক্যানভাস। তাঁর এই অনন্য মাইক্রো আর্ট ইতিমধ্যেই বহু মানুষের প্রশংসা কুড়িয়েছে। স্থানীয়দের মতে, এমন সূক্ষ্ম শিল্পকর্ম বাঁকুড়ার সাংস্কৃতিক ঐতিহ্যকেও নতুনভাবে তুলে ধরছে। আগামী দিনে আরও বড় ও ব্যতিক্রমী শিল্পসৃষ্টির মাধ্যমে অর্পিতা সরকার আরও সাফল্য অর্জন করবেন বলেই আশা করছেন সকলেই।