• ‘ওঁর মুখোশ আর ওঁর পরচুলা দু’টোই খসে পড়েছে,’ দলকে কোন ‘অজুহাত’ দেখিয়ে ভূপেন্দ্রর বাড়িতে সুদীপ?
    News18 বাংলা | ১৪ জুন ২০২৬
  • : কলকাতায় কতগুলো আসন পাবে তৃণমূল? ২৯ এপ্রিল ভোট দিয়ে বেরিয়ে আসছিলেন উত্তর কলকাতার সাংসদ৷ সেই সময় তাঁকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকেরা৷ উত্তরে সুদীপ বন্দ্যোপাধ্যায় আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন, ১১টার মধ্যে ১১টাই এমনকি, এসআইআর প্রক্রিয়া, কেন্দ্রীয় এজেন্সি এনে ভোট করানোরও নিন্দা করেছিলেন সেই সময়৷ সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের ৬ বারের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবার নাম লিখিয়েছেন বিদ্রোহী সাংসদদের শিবিরে৷ স্পিকার ওম বিড়লাকে দেওয়া চিঠিতে সই করেছেন তিনি৷ গতকালই বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গিয়েছে তাঁকে৷ তারপরে দেখা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও৷

    সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরোধী শিবিরে যোগদানের পরে এবার বিস্ফোরক পোস্ট করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র৷ জানালেন, কীভাবে ‘মিথ্যে কথা’ বলে দলকে বিভ্রান্ত করে সুদীপ বন্দ্যোপাধ্যায় ভূপেন্দ্র যাদব এবং অমিত শাহর সঙ্গে দেখা করেছেন৷

    রবিবার দুপুরে সোশ্যাল মিডিয়া ‘X’-এ একটি পোস্ট করে মহুয়া মৈত্র দাবি করেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেতৃত্বকে জানিয়েছিলেন পেটে ব্যথা নিয়ে নিয়ে তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন৷ এর কিছুক্ষণ পরেই মহুয়া মৈত্ররা টেলিভিশনের পর্দায় দেখতে পান সুদীপ বন্দ্যোপাধ্যায় দিল্লিতে রয়েছেন এবং কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে গিয়েছেন৷

    সোশ্যাল মিডিয়ায় মহুয়া মৈত্র লেখেন, ‘ওঁর মুখোশ এবং ওঁর পরচুলা দু’টোই খসে পড়েছে- সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাদের বলেছিলেন উনি পেটে যন্ত্রণা নিয়ে কলকাতার অ্যাপোলো হাসপাতালে গিয়েছেন, তারপরেই আমরা হঠাৎ টিভিতে দেখলাম উনি দিল্লিতে ভূপেন্দ্র যাদবের বাড়িতে রয়েছেন৷ দাদা প্লিজ আপনার X হ্যান্ডলের নাম @SudipBJPBTeam করে দিন অন্তত৷ আমাদের নাম আর ব্যবহার করবেন না’৷

    শুধুমাত্র মহুয়া মৈত্র নন৷ সুদীপ বন্দ্যোপাধ্যায় নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন কুণাল ঘোষও৷ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এর আগে দল পরিবর্তনের ইতিহাস প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, ‘‘মমতা দিদি এঁদের সম্মান দিয়েছিলেন, একটা জায়গা দিয়েছিলেন, বিনিময়ে ওঁরা এটা ফেরত দিচ্ছে৷ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের তো দল পরিবর্তনের ইতিহাস আগেও রয়েছে৷’’

    ছাব্বিশের পরাজয়ের পরে কালীঘাটের দফতরে ডাকা সাংসদদের বৈঠকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান দিকে বসে থাকতে দেখা গিয়েছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়কে৷ সেই সুদীপ বিদ্রোহী শিবিরে যোগ দেওয়ায় একের পর এক বিস্ফোরক মন্তব্য আসছে তাঁর একদা সতীর্থদের কাছ থেকে৷ সম্প্রতি এ বিষয়ে কথা বলতে গিয়ে সাংসদ সৌগত রায় বলেছেন, ‘‘ তিনদিন আগেও আমায় বলেছিল দল পরিবর্তন করবে না মমতাকে ছেড়ে কোথাও যাবে না।। বিজেপির অপারেশন লোটাসের ফাঁদে পা দিয়েছেন। সম্পূর্ণ ব্যক্তিগত স্বার্থে সুদীপরা দল ছাড়ছেন। নিতি নৈতিকতা কোথায়? কোন মহান আদর্শ নিয়ে বিজেপির দিকে ছুটছে? মমতার সবচেয়ে ঘনিষ্ঠ হঠাৎ বিজেপি হয়ে গেল?’’য

    সৌগত রায়ের কটাক্ষ, ‘‘বিজেপির থেকে এখন অনেক কিছু পেয়েছে। ফলে ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট এখন সবই হবে। দলের কঠিন সময় রীতি নৈতিকতা বিসর্জন দেব, মেরুদণ্ড সোজা থাকবে না এগুলো কোন আদর্শ? ইন্দিরা গান্ধী হেরে যাওয়ার পর তিন বছরের মধ্যে আবার ফিরে এসেছিলেন। দেশের রাজনীতিতে আমি অনেক কিছুই দেখেছি।’’
  • Link to this news (News18 বাংলা)