• এবার ভবানী ভবনে কুণাল, অভিষেকের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের জল্পনা
    eTV Bharat | ১৪ জুন ২০২৬
  • কলকাতা, 14 জুন: বিধানসভায় সই জালিয়াতি-কাণ্ডের তদন্তে রবিবার আরও তৎপর রাজ্য সিআইডি । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর তদন্তকারীদের তলবে এদিন দুপুরে দক্ষিণ কলকাতার ভবানী ভবনে হাজির হয়েছেন বেলেঘাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষ । তাঁদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের জল্পনা তুঙ্গে ৷ যদিও বিষয়টি নিয়ে সিআইডির তরফে আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি ।

    ভবনী ভবন সূত্রে খবর, বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের প্রক্রিয়াকে কেন্দ্র করে যে দলীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, সেই বৈঠকে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ । তদন্তকারীরা জানতে চাইছেন, ওই বৈঠকে কী আলোচনা হয়েছিল, সংশ্লিষ্ট নথিপত্র কীভাবে প্রস্তুত করা হয়েছিল এবং পরবর্তীতে বিতর্কিত রেজোলিউশন সংক্রান্ত বিষয়গুলিতে কারা যুক্ত ছিলেন ।

    একই মামলায় এর আগে তলব করা হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে । রবিবার সকাল থেকেই তাঁকে কয়েক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । তদন্তকারী আধিকারিকরা মূলত বিধানসভার রেজোলিউশন বুক, সই সংক্রান্ত অভিযোগ এবং সংশ্লিষ্ট প্রশাসনিক প্রক্রিয়া নিয়ে তাঁর বক্তব্য জানার চেষ্টা করছেন বলে সূত্রের দাবি । দুপুর গড়িয়ে যাওয়ার পরও তিনি ভবানী ভবনেই রয়েছেন বলে জানা গিয়েছে ।

    তদন্তের অগ্রগতির দিকে নজর রেখে রাজনৈতিক মহলেও জল্পনা তৈরি হয়েছে যে, প্রয়োজনে কুণাল ঘোষ ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সিআইডি । যদিও এ বিষয়ে সরকারিভাবে কোনও মন্তব্য করেননি তদন্তকারীরা । তবে একই দিনে দু’জন গুরুত্বপূর্ণ তৃণমূল নেতার উপস্থিতি সেই সম্ভাবনাকে আরও উসকে দিয়েছে ।

    বিধানসভার সই জালিয়াতি সংক্রান্ত অভিযোগ ঘিরে ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক শুরু হয়েছে । বিরোধীদের দাবি, গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং প্রকৃত তথ্য সামনে আনা প্রয়োজন । অন্যদিকে তৃণমূল নেতৃত্ব বারবার অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে ।

    সিআইডি সূত্রে খবর, এই মামলার বিভিন্ন দিক খতিয়ে দেখতে গিয়ে তদন্তকারীদের সামনে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে । সেই সূত্র ধরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষের ভূমিকা এবং তাঁদের কাছে থাকা সম্ভাব্য তথ্য সম্পর্কে আরও বিস্তারিত জানার প্রয়োজন রয়েছে বলে মনে করছে সিআইডি । এর আগে এই মামলার তদন্তে কুণাল ঘোষের বাসভবনেও তল্লাশি চালিয়েছিলেন সিআইডি আধিকারিকরা । তদন্ত সংক্রান্ত কিছু নথি ও তথ্য সংগ্রহের উদ্দেশ্যেই ওই অভিযান চালানো হয়েছিল বলে জানা গিয়েছে ।

    উল্লেখ্য, কালীঘাটের 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে তৃণমূলের রুদ্ধদ্বার বৈঠক ছিল শনিবারের সন্ধেতে ৷ সেখানে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে কার্যত সম্মুখসমরে অবতীর্ণ হন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষ । পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, দু'জনের উত্তপ্ত বাক্যবিনিময় থামাতে শেষ পর্যন্ত খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে আসরে নামতে হয় বলে তৃণমূল সূত্রে খবর । সেই ঘটনার রেশ কাটতে না কাটতে রবিবার সিআইডির জিজ্ঞাসাবাদের সম্মুখীন এই দুই তৃণমূলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষ ৷
  • Link to this news (eTV Bharat)