• তৃণমূলের প্রাক্তন মন্ত্রী-বিধায়ক, সরকারি কর্মীদের বিরুদ্ধেও তদন্তের দাবি বিদ্রোহী বিধায়ক সমর মুখোপাধ্যায়ের
    eTV Bharat | ১৪ জুন ২০২৬
  • মালদা, 14 জুন: রতুয়ার তৃণমূল বিধায়ক, বর্ষীয়ান সমর মুখোপাধ্যায় এবার দলীয় নেতা থেকে শুরু করে জনপ্রতিনিধি, এমনকি প্রাক্তন মন্ত্রীদের আর্থিক পরিস্থিতি নিয়েও তদন্তের দাবি তুললেন ৷ তাঁর দাবি, আর্থিক তদন্ত হোক সরকারি কর্মীদের বিরুদ্ধেও ৷

    এই ক’দিন আগেও তাঁর বিরুদ্ধে ছিল অসংখ্য অভিযোগ ৷ আর্থিক দুর্নীতি ও স্বজনপোষণে বিদ্ধ হয়েছেন বারবার ৷ এমনকি তাঁর বিরুদ্ধে ওয়াকফ জমি দখল ও বিক্রি করার অভিযোগও রয়েছে ৷ নির্বাচন পেরিয়েছে ৷ তিনি জিতেছেন ৷ দল গোহারা হেরেছে ৷ নির্বাচন পরবর্তী সময়ে তিনি 'ভালো তৃণমূল' শিবিরে নাম লিখিয়েছেন ৷ বিধানসভার বিরোধী দলনেতা হিসাবে সমর্থন করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে ৷ শিবির বদলের পরই যেন তাঁর চক্ষুশূল হয়ে উঠেছে তৃণমূলের পুরনো শিবির ৷

    বিধানসভা থেকে বেরিয়ে তিনি বিজেপি সরকারের গুনগান গেয়েছেন ৷ গত শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে অংশ নিয়েছেন ৷ গঙ্গা ভাঙন নিয়ে মুখ্যমন্ত্রীর পরিকল্পনা শুনে আপ্লুত হয়েছেন ৷ বৈঠক থেকে বেরিয়েই সংবাদমাধ্যমের ক্যামেরায় স্যালুট জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে ৷ সেই রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায় এবার বিভিন্ন দুর্নীতিতে তদন্তের দাবিতে সরব হয়েছেন ৷

    মুখ্যমন্ত্রী মালদায় প্রশাসনিক সভা করে যাওয়ার পরই ব্লকে ব্লকে শুরু হয়ে গিয়েছে 100 দিনের কাজ ৷ মুখ্যমন্ত্রী যাকে 125 দিনের কাজে পরিণত করার বার্তা দিয়ে গিয়েছেন ৷ নিজের সংসদীয় এলাকায় সেই কাজের উদ্বোধন করতে গিয়েই বিস্ফোরক মন্তব্য করেন রতুয়ার 84 বছর বয়সি বিধায়ক ৷ সম্প্রতি প্রাক্তন মন্ত্রী ও বিধায়কদের বিরুদ্ধে যে আর্থিক তদন্ত বিজেপি পরিচালিত রাজ্য সরকার শুরু করেছে তাকে সমর্থনও করেন তিনি ৷

    তিনি বলেন, "বিধায়ক, মন্ত্রী হওয়ার আগে তাদের কী অবস্থা ছিল তা নিয়ে আজ তদন্ত হচ্ছে ৷ আমি দাবি করছি, বর্তমান পঞ্চায়েতের আগে যারা পঞ্চায়েতে ছিল সেই নির্মাণ সহায়ক, পঞ্চায়েত সচিব, প্রধানদের বিরুদ্ধেও তদন্ত করা হোক ৷ আমার সংসদীয় এলাকায় বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিল শ্রমিক ৷ এখন দেবীপুর গ্রামে তার কোটি টাকার বিল্ডিং, বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের সামনে তার চার কোটি টাকার প্রাসাদ ৷ কোথায় পেল এত টাকা ? সময় মুখার্জি 1982 সালের বিধায়ক ৷ এটা 2026 ৷ বিধায়ক হওয়ার সময় সমর মুখার্জির কী ছিল আর এখন কী আছে তদন্ত করা হোক ৷ তদন্ত হোক সমস্ত বিধায়ক ও প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধেও ৷ এর পাশাপাশি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধেও তদন্ত করা হোক ৷"

    সমরবাবু দাবি করেছেন, তিনি বিধানসভায় এই দাবি তুলতে চলেছেন ৷ তিনি আরও বলেন, "রতুয়া 1 ও 2 নম্বর ব্লকে আবার 100 দিনের কাজ প্রকল্প শুরু হল ৷ এলাকায় কাজ না-পেয়ে মানুষ ভিনরাজ্যে কাজ করতে যায় ৷ সেখানে বহু পরিযায়ী শ্রমিক মারা যায় ৷ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কাজ দিচ্ছেন ৷ কিন্তু এই কাজ যেন প্রতিটি গরিব মানুষ পায় ৷ ভুয়ো টিপছাপ দিয়ে টাকা উঠিয়ে বিধায়ক, পঞ্চায়েত সচিব, নির্মাণ সহায়কের দোতলা বাড়ি যাতে না হয় ৷ এটা আমরা বরদাস্ত করব না ৷"

    সমরবাবুর বক্তব্যে জেলার রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, তবে কি শুধু শাটার ওঠার অপেক্ষা ? ভালো তৃণমূলে নাম লিখিয়ে ইতিমধ্যেই দল ছাড়ার দিকে পা বাড়িয়ে রেখেছেন বর্ষীয়ান এই বিধায়ক ৷ কিন্তু বিজেপি তাদের শাটার বন্ধ রাখায় এই মুহূর্তে গেরুয়া শিবিরে যাওয়া সম্ভব হচ্ছে না কোনও তৃণমূল নেতা-নেত্রীর ৷ রাজ্য এবং কেন্দ্র, দুই ক্ষেত্রেই দূরত্ব তৈরি করে রেখেছে গেরুয়া নেতৃত্ব ৷
  • Link to this news (eTV Bharat)