'চোর, তোলাবাজদের' গ্রেফতারিতে আনন্দ পেয়েছিলেন! দেবাংশুকে পদ থেকেই সরিয়ে দিল তৃণমূল কংগ্রেস
News18 বাংলা | ১৫ জুন ২০২৬
দেবাংশু ভট্টাচার্যকে দলীয় পদ থেকে সরাল তৃণমূল কংগ্রেস। তাঁকে সোশাল মিডিয়া সেলের চেয়ারপারসন পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দেবাংশুর জায়গায় আনা হয়েছে উপাসনা চৌধুরীকে। যদিও তৃণমূল কংগ্রেসের তরফে দেবাংশুর বদলে উপাসনাকে দায়িত্ব দেওয়ার ব্যাপারে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি তৃণমূল কংগ্রেসের তরফে।
সোশাল মিডিয়ায় দেবাংশু পোস্ট করেন, ‘কিছু চোর ডাকাত তোলাবাজদের গ্রেপ্তার দেখে যে কী আনন্দ পাচ্ছি, বলে বোঝানোর নয়।’ তৃণমূলে সংসদীয় দলে ভাঙন আরও চওড়া হয়েছে। বিদ্রোহী শিবিরে নাম লিখিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও। এই নিয়েও মুখ খুলেছেন দেবাংশু। তিনি জানান, এই দিনটার জন্য দল দায়ী। দল সঠিক সময়ে শক্ত হাতে সামলাতে পারেনি। বিজেপি বিধায়ক তথা শিল্পমন্ত্রী তাপস রায়ের প্রশংসাও শোনা গিয়েছে তাঁর মুখে। মনে করা হচ্ছে এই সব বিতর্কিত মন্তব্যের জেরেই তাঁকে দলীয় পদ খোয়াতে হয়েছে।
যাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে খবর, সেই উপাসনা চৌধুরী সমাজমাধ্যমে জানান, ‘এই সময় আমার কাছে পদ বলতে মাথায় রাখা নেত্রীর সেই আশীর্বাদের হাতটাই! সোশ্যাল মিডিয়ার সকল কর্মীদের পাশে নেত্রী এবং দাদা স্বয়ং আছেন এর চেয়ে বেশি আর কি চাই বলুন তো? এই সময়টা একজোট হয়ে লড়াই করার! সেটা সোশ্যাল মিডিয়ায় হোক অথবা ময়দানে! অনেক নেতার আনুগত্যের অভাব হলেও কর্মীরা প্রকাশ করেছে বাস্তব আনুগত্যের মানে! আমার পরিচয় আমি তৃণমূল দলের এক একনিষ্ঠ কর্মী! নেত্রী এবং দাদা আমার উপর যেই ভরসা করেছেন আমি তার জন্য তাদের কাছে কৃতজ্ঞ ও ঋণী! এই ভরসার মান রাখবো কথা দিলাম! আমরা সকলেই দলের বার্তা বাহক। নেত্রী এবং দাদার দেখানো পথ অনুসারে গত মাসের ১২ তারিখ যে কোর কমিটি নির্মিত হয় ৬ জন কর্মীদের নিয়ে বাকি সকল যোগ্য কর্মীদের পূর্ণাঙ্গ কমিটিতে জায়গা দেওয়ার আগে পর্যন্ত আমরা সকলে সম্মিলিতভাবে কাজ চালিয়ে যাব! এই লড়াই আমাদের সকলের জয়ও আমাদেরই হবে তা নিশ্চিত’!