বালতি চুড়ির অভিযোগে গ্রেফতার মহিলা উপপ্রধান সহ এক ব্যক্তি। পঞ্চায়েত থেকে সরকারি বালতি চুরির অভিযোগে গ্রেফতার হলেন পান্ডুয়ার সরাই তিন্না পঞ্চায়েতের উপ প্রধান। ধৃতদের আজ, অর্থাৎ রবিবার চুঁচুড়া আদালতে তোলে পান্ডুয়া থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার পান্ডুয়ার তিন্না জগন্নাথ পাড়া এলাকার বাসিন্দা স্বপন দাস নামে এক ব্যক্তি সরাইতিন্না গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান স্বপ্না মন্ডল এবং দিলীপ বিশ্বাস দুজনের নামে পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তদের বাড়ি ওই পঞ্চায়েতের জগন্নাথপাড়া এলাকাতেই। স্বপন বাবুর অভিযোগ, পঞ্চায়েতের উপপ্রধান স্বপ্না মন্ডল স্বচ্ছ ভারতের বর্জ্য ফেলার ১৪০টি বালতি জগন্নাথ পাড়া এলাকার দিলীপ বিশ্বাসের বাড়িতে পঞ্চায়েত থেকে চুরি করে নিয়ে রেখে দিয়েছে আত্মসাৎ করবার উদ্দেশ্যে।
অভিযোগ পেয়ে ঘটনা তদন্ত নামে পুলিশ। তদন্ত করে জগন্নাথ পাড়া এলাকার দিলীপ বিশ্বাসের বাড়ি থেকে ১৪০টি বালতি উদ্ধার করে গ্রেফতার করে দিলীপ বিশ্বাসকে এবং সরাই তিন্না গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান স্বপ্না মণ্ডলকে। এই ঘটনার প্রচার হওয়ার পরেই ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয়রা। অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব হন তাঁরা। পুলিশ জানায়, সরকারি সম্পত্তি চুরির অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। ধৃত দুই জনকেই আজ, রবিবার চুঁচুড়া আদালতে পাঠায় পান্ডুয়া থানার পুলিশ।
এর আগেও সরকারি সম্পত্তি চুরির অভিযোগ উঠেছে একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে পুলিশ গ্রেফতার ও করেছে অভিযুক্তদের। সম্প্রতি বিভিন্ন যায়গায় অভিযুক্ত নেতাদের লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনাও ঘটেছে। বর্তমান সরকার দুর্নীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের শাস্তি দেওয়া হবে এমন আশ্বাসও দিয়েছে।