• ‘চব্বিশে হারিনি, ২০২৯ নির্বাচন জিতে বসে আছি’, ‘ভঙ্গুর’ ইন্ডিয়া জোট নিয়েও স্বপ্ন দেখছেন রাহুল
    প্রতিদিন | ১৫ জুন ২০২৬
  • ২০২৪ সালে বিজেপির অব কি বার চারশো পারের স্বপ্ন পূরণ হয়নি। উলটে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি আটকে গিয়েছিল ২৪০ আসনে। তাই কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলছেন, গতবারের লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোট মোটেই হারেনি। আগামী লোকসভা ভোট নিয়ে তিনি অত্যন্ত আশাবাদী। সাফ জানাচ্ছেন, ২০২৯ সালের নির্বাচন ইতিমধ্যেই জিতে নিয়েছে বিজেপি বিরোধী এই জোট। যদিও সাম্প্রতিক অতীতে ইন্ডিয়া জোটে একের পর এক ধাক্কা লেগেছে। তা সত্ত্বেও জোট নিয়ে আত্মবিশ্বাসী লোকসভার বিরোধী দলনেতা।

    গত ৮ জুন ইন্ডিয়া জোটের বৈঠক ছিল। সেদিনই জানা যায়, অন্যতম শরিক তৃণমূলের একঝাঁক সদস্য দল ছেড়ে এনডিএ’তে যোগ দিতে চান। আবার ডিএমকেও জোটের বৈঠকে অনুপস্থিত ছিল। সেই বৈঠকে কী আলোচনা হয়েছে, তা জানতে চেয়ে দলীয় কর্মীরা আবেদন জানান রাহুলের কাছে। ইন্ডিয়া জোটের বৈঠকে যে ভাষণ দিয়েছিলেন, সেটাই এক্স হ্যান্ডেলে তুলে ধরেন রাহুল। বৈঠকে তিনি বলেছেন, দেশের গণতান্ত্রিক সংস্থাগুলির উপর আঘাত আসছে তার বিরুদ্ধে একজোট হয়ে রুখে দাঁড়াতে হবে।

    নিজের ভাষণ মনে করিয়ে দিয়ে রাহুল এক্স হ্যান্ডেলে লিখেছেন, “আবারও মনে করিয়ে দিতে চাই, ২০২৪ সালের নির্বাচনে আমরা মোটেই হারিনি, এবং ২০২৯ সালের আগামী নির্বাচন ইতিমধ্যেই জিতে গিয়েছি। এখন গোটা দেশ ভাবছে যে ভারতের আত্মা বিপন্ন। সংস্থাগুলি দখল হয়ে যাচ্ছে, মানুষের কণ্ঠস্বর রুদ্ধ করে দেওয়া হচ্ছে-এই সময়টায় একজোট হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাই আমরা সকলে একসঙ্গে থাকব, প্রত্যেকটি মানুষকে ঐক্যবদ্ধ করব। দেশের সমস্ত সংস্থাকে বিজেপি যেভাবে ক্ষমতাবলে দখল করছে, সেটাকে থামাব।’

    যদিও সূত্রের খবর, ইন্ডিয়া জোট নিয়ে কংগ্রেসের অন্দরে প্রচুর মতানৈক্য রয়েছে। তৃণমূল, শরদ পওয়ারের এনসিপি নাকি কংগ্রেসের সঙ্গে মিশে যেতে ইচ্ছুক। কিন্তু কংগ্রেসের একাংশ এটা চাইছেন না। অন্যদিকে, ডিএমকেও ইন্ডিয়া ছাড়ার পথে। তৃণমূলের সাংসদরা থাকবেন না ইন্ডিয়া জোটে। অন্যদিকে রাহুল নিজেও জানিয়েছেন, বিজেপি বিরোধী বলেই সিপিএম নেতা পিনারাই বিজয়নকে আলিঙ্গন সম্ভব নয়। অর্থাৎ বাম দলগুলিও সরে যেতে পারে ইন্ডিয়া জোট থেকে। তাহলে কীভাবে ২০২৯ নির্বাচনে জেতার স্বপ্ন দেখছেন রাহুল?
  • Link to this news (প্রতিদিন)