• অখিলেশ-কন্যাকে নিয়ে কুরুচিকর পোস্টে ক্ষুব্ধ যোগী! এফআইআর দায়ের করার নির্দেশ
    বর্তমান | ১৫ জুন ২০২৬
  • লখনউ, ১৪ জুন: একে অপরের বিরোধী তাঁরা। কিন্তু প্রশ্ন যখন নারী নিরাপত্তা ও সম্মানের তখন সবকিছু ভুলে সরব যোগী। সাম্প্রতি, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের কন্যাকে নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কুরুচিকর ও ভুয়া মন্তব্যের তীব্র নিন্দা জানালেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি স্পষ্ট ভাষায় বলেন, 'মেয়ে কারও হোক না কেন, তাকে কখনওই বিকৃত ও কুরুচিকর জনআলোচনার বিষয় বানানো উচিত নয়'।

    শনিবার আজমগড়ে প্রায় ৯৫৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে যোগী আদিত্যনাথ বলেন, সম্প্রতি তিনি লক্ষ্য করেছেন যে কিছু ব্যক্তি সামাজিক মাধ্যমে অখিলেশ যাদবের কন্যাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করছেন। বিষয়টি তাঁর নজরে আসার সঙ্গে সঙ্গেই তিনি পুলিশকে এফআইআর দায়ের করার নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী বলেন, 'আমরা এমন সংস্কৃতিতে বড় হয়েছি যেখানে গ্রামের একটি মেয়ে সবার মেয়ে এবং গ্রামের একটি বোন সবার বোন। এ বিষয়ে আমরা কখনও কোনও ভেদাভেদ করিনি, কন্যাসন্তানদের বিরুদ্ধে আপত্তিকর ও অরুচিকর মন্তব্য কোনওভাবেই গ্রহণযোগ্য নয় এবং এ ধরনের আচরণ ক্ষমার অযোগ্য'।

    অখিলেশ যাদবের কন্যাকে লক্ষ্য করে সামাজিক মাধ্যমে একটি ভুয়া ও মানহানিকর পোস্ট ছড়িয়ে দেওয়ার অভিযোগে তিনজনের বিরুদ্ধে কানপুর পুলিশ কমিশনারেটের সাইবার সেলে এফআইআর দায়ের করা হয়েছে। সমাজবাদী পার্টির নেতারা অভিযোগ জানালে পুলিশ বিষয়টি তদন্ত শুরু করে। অভিযোগে বলা হয়েছে, কিছু ব্যক্তি এক্স হ্যান্ডলে অখিলেশ যাদবের কন্যার একটি ছবি পোস্ট করে সম্পূর্ণ ভিত্তিহীন ও বিদ্বেষমূলক মন্তব্য ছড়িয়েছিলেন। অভিযোগকারীদের দাবি, ছবিটি বিকৃত করা হয়েছিল এবং পোস্টে করা দাবিগুলি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। 

    এদিকে দ্রুত ব্যবস্থা নেওয়ার পক্ষে সওয়াল করতে গিয়ে যোগী আদিত্যনাথ অখিলেশ যাদবকেও পরামর্শ দেন, তিনি যেন নিজের দলের কর্মী ও সমর্থকদের ভাষা ও আচরণ নিয়ন্ত্রণে রাখেন, বিশেষ করে নারী, প্রবীণ নাগরিক ও নেতাদের প্রতি সম্মান প্রদর্শন করেন। যোগী বলেন, 'আপনি অন্যদের উপদেশ দেন, কিন্তু আপনার নিজের কর্মী-সমর্থকদেরও ভাষা সংযত রাখতে হবে। তাদের বোঝান। আর যদি তারা না বোঝে, তাহলে আমাদের হাতে তুলে দিন, আমরা তাদের ঠিকমতো বোঝাব'। রাজনৈতিক মতভেদ থাকা সত্ত্বেও নারীদের মর্যাদা ও নিরাপত্তার প্রশ্নে কঠোর অবস্থান নেওয়ার বার্তা দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী।
  • Link to this news (বর্তমান)