ওষুধের পরিবর্তে ফর্মালিন ইনজেকশন নার্সের, প্রাণ গেল তিন বছরের শিশুর
বর্তমান | ১৫ জুন ২০২৬
ভোপাল, ১৪ জুন: মধ্যপ্রদেশের ভোপালের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে ভয়াবহ কাণ্ড। চিকিৎসায় চরম গাফিলতির অভিযোগে প্রাণ গেল তিন বছরের শিশু ক্যানসার রোগীর। এই ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে। অভিযোগ, রক্তের ক্যানসারে আক্রান্ত এক তিন বছরের শিশুকে ওষুধের পরিবর্তে ভুলবশত ফর্মালিন ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করে এক নার্স। এরপরই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত মৃত্যু হয় শিশুটির।
মৃত শিশুর নাম সার্থক যাদব। মধ্যপ্রদেশের সাগর জেলার বাসিন্দা সার্থক। সে মারণ রোগ লিউকেমিয়ায় আক্রান্ত ছিল। প্রায় এক বছর থেকে সে নানান শারীরিক অসুস্থতায় ভুগছিল। ২০২৫ সালের ১৫ ডিসেম্বর তাকে ভারতের নামী হাসপাতাল এআইআইএমএস ভোপালের শিশু বিভাগে ভর্তি করা হয়েছিল। সেখানেই চলছিল তার চিকিত্সা।
হাসপাতালের অভ্যন্তরীণ তদন্তে উঠে এসেছে, চিকিৎসাধীন অবস্থায় শিশুটির আইভি লাইন ব্লক হয়ে গেলে কর্তব্যরত এক নার্স সেটি পরিষ্কার করার জন্য একটি সিরিঞ্জ ব্যবহার করেন। পরে জানা যায়, ওই সিরিঞ্জে ওষুধ নয়, ফর্মালিন ছিল। সাধারণত প্যাথলজি বিভাগে টিস্যু ও বায়োপসি নমুনা সংরক্ষণের কাজে ব্যবহৃত এই রাসায়নিক অত্যন্ত বিষাক্ত। এই বিষাক্ত রাসায়নিক শিশুটির শরীরে প্রবেশ করতেই কিছুক্ষণের মধ্যেই অচেতন হয়ে পড়ে। দ্রুত তাকে পেডিয়াট্রিক আইসিইউ-তে স্থানান্তর করা হয়। শুরু হয় জরুরিকলীন চিকিত্সা। কিন্তু শেষরক্ষা হয়নি।
সার্থকের পরিবারের অভিযেোগ, শরীরের অবনতি শুরু হলে হাসপাতাল কর্তৃপক্ষ আইভি বোতলটি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সেটি পরিবারের হাতে এলেও তাঁদের কাছে থেকে ছিনিয়ে নেওয়া হয়। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ দুই নার্সিং আধিকারিককে সাময়িক বরখাস্ত করেছে। একইসঙ্গে তদন্তের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এর ধারায় মামলা দায়ের করেছে ভোপালের বাগসেওনিয়া থানার পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এখনও অব্যাহত রয়েছে।