যমুনা পরিষ্কারে বিশেষ অভিযান, দিল্লির ২৮টি ঘাটে বিশেষ কর্মসূচি মুখ্যমন্ত্রীর
বর্তমান | ১৫ জুন ২০২৬
নয়াদিল্লি, ১৪ জুন: যমুনা নদী সাফাই অভিযান নিয়ে সরব হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। আজ তারই প্রতিফলন দেখা গেল দিল্লির ২৮টি ঘাটে। যমুনা নদীকে পরিষ্কার ও দূষণমুক্ত করার লক্ষ্যে রবিবার দিল্লির বিভিন্ন ঘাটে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করল দিল্লি সরকার। এই কর্মসূচিতে অংশ নেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং তাঁর মন্ত্রিসভার সদস্যরা। দিল্লির মন্ত্রী পরবেশ সাহিব সিং, পঙ্কজ সিং, রবীন্দর ইন্দ্রাজ এবং দিল্লি বিধানসভার স্পিকার বিজেন্দর গুপ্তা বিভিন্ন ঘাটে এই কর্মসূচিতে অংশ নেন। এছাড়াও বিজেপি সাংসদ রামবীর সিং বিধুড়ি, মনোজ তিওয়ারি এবং স্বাতী মালিওয়ালসহ দলের বহু নেতা-কর্মী আজ এই কর্মসূচিতে যোগ দেন।
রবিবার সকাল ৬টায় শুরু হওয়া এই অভিযান প্রায় চার ঘণ্টা ধরে চলে। দিল্লি বিজেপির সভাপতি হর্ষ মালহোত্রাও যমুনা তীরবর্তী এলাকায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন। সরকারি সূত্রে জানা গিয়েছে, ৫০০-রও বেশি সামাজিক ও ধর্মীয় সংগঠনের স্বেচ্ছাসেবকসহ হাজার হাজার নাগরিক এই অভিযানে অংশগ্রহণ করেছিলেন। গীতা কলোনি এলাকার যমুনা নদীতীরে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী রেখে গুপ্তা বলেন, যমুনাকে নির্মল ও পরিষ্কার রাখতে জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, নদীতে ভাঙা প্রতিমা, কাপড়-চোপড়সহ বিভিন্ন বর্জ্য ফেলে দেওয়া হচ্ছে, যা নদী দূষণের অন্যতম কারণ। তিনি নাগরিকদের এসব সামগ্রী নদীতে না ফেলার আহ্বান জানান এবং আগামীতে এবিষয়ে সচেতন থাাকার পরামর্শ দেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘যমুনার পরিচ্ছন্নতা বজায় রাখা আমাদের একটি যৌথ দায়িত্ব। এই কাজে সরকার ও সমাজকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। এই অভিযান একদিনের জন্য সীমাবদ্ধ থাকবে না। ভবিষ্যতেও নিয়মিতভাবে বিভিন্ন স্থানে এমন কর্মসূচির আয়োজন করা হবে এবং সাধারণ মানুষকে তাতে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হবে’।
যমুনা পরিষ্কারের জন্য ইতিমধ্যেই ১,০০০ কোটিরও বেশি টাকার বিভিন্ন প্রকল্প অনুমোদিত হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আম্রুত প্রকল্পের আওতায় নজফগড় এলাকায় ৮৬০ কোটি টাকা ব্যয়ে ১২টি নতুন বর্জ্য শোধনকারী প্ল্যান্ট নির্মাণ করা হচ্ছে, যাতে অপরিশোধিত নিকাশি জল যমুনায় প্রবেশ করতে না পারে।